পিটারসেন-বেলে সওয়ার ইংল্যান্ড

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:১৬
কেভিন পিটারসেন এবং ইয়ান বেলের দারুণ দুটি ইনিংসের উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে শুরুর ধাক্কা সামলে উঠছে ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ইনভেস্টেক অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত চার উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২১১ রান। অর্থাত্ অজিদের প্রথম ইনিংসে করা ৫২৭ রান থেকে এখনো ৩১৬ রানে পিছিয়ে আছে তারা। আগের দিনের দুই উইকেটে ৫২ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড দিনের শুরুতেই হারায় জোনাথন ট্রটের উইকেটটি। ব্যক্তিগত পাঁচ রানে রায়ান হ্যারিসের বলে মাইকেল ক্লার্কের ক্যাচে পরিনত হন তিনি। এরপরই অধিনায়ক অ্যালিস্টার কুকের সাথে জুটি বাঁধেন পিটারসেন। শুরুতে কিছুটা নড়বড়ে মনে হলেও সময় গড়ানোর সাথে সাথেই স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ফিরে আসেন এই ‘কেপি’। অন্যপ্রান্তে কুক ছিলেন যথারীতি আস্থার প্রতিমূর্তি। জুটিটা যখন জমে উঠছিল ঠিক তখনই মন:সংযোগে বিঘ্ন ঘটে কুকের। যার ফলাফল হিসেবে উইকেটের পেছনে ব্রাড হাডিনকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফেরেন তিনি। অজিদের বিশাল স্কোরের জবাব দিতে গিয়ে তখন স্বাগতিকদের সংগ্রহ ১১০/৪। নতুন ব্যাটসম্যান বেলের সাথে জুটি বেধে দলকে এই অবস্থা থেকে টেনে তোলেন পিটারসেন। আর তাতে দুর্দান্ত ফর্মে থাকা বেলের অবদানও মোটেই কম নয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দু’জনে এরই মধ্যে যোগ করেছেন ১১১ রান। তাতে কুকের অবদান ৫১। অন্যদিকে ক্যারিয়ারের ২৩ তম টেস্ট সেঞ্চুরির দিকে ছুটছিলেন পিটারসেন। ছয়টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকানো এই ৩৩ বছর বয়সী খেলছিলেন ৭৮ রান নিয়ে। তবে পিটারসেনকে ফেরানোর দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। ইনিংসের ৭৩ তম ওভারে শেন ওয়াটসনের একটি জোরালো এলবিডব্লিউ আবেদন প্রত্যাখ্যাত হলে ওয়াটসন রিভিউ ব্যবহার করতে চান। তবে হাডিনের সাথে আলোচনা করে রিভিউ না নেয়ার সিদ্ধান্ত নেন ক্লার্ক। তবে টিভি রিপ্লেতে পরিস্কার দেখা গেছে বল পিটারসেনের স্ট্যাম্পেই আঘাত করতো। এর আগে দ্বিতীয় দিনের চা বিরতির ঠিক পরপরই ৫২৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে জো রুট এবং নাইটওয়াচম্যান টিম ব্রেসনানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে শেষ বিকেলেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন অজি পেসার পিটার সিডল।