ঢাকা ছাড়লো ‘এ’ দল

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:১৬
ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো বাংলাদেশ ‘এ’ দল। গতকাল সকাল দশটায় দলটি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। দলটির হয়ে ইংল্যান্ডের বিমানে চড়েছেন এনামুল হক বিজয়ও। দুপুর ১২টায় রেজাল্ট প্রকাশিত হওয়ায় রেজাল্ট না জেনেই রওনা দিতে হয় তাকে। বিসিবির মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে যে, বিকেএসপি থেকে পরীক্ষা দিয়ে বিজয় ৩.৬৯ জিপিএ পেয়েছেন বিজয়। গত মার্চে শ্রীলংকা সফরে গিয়েছিলেন বিজয় ক্লাসের বইখাতা নিয়েই। ২০ বছর বয়সী এই তরুণ খেলার ফাঁকে ফাঁকে পড়ালেখা করেছেন। ব্যাট হাতে অবশ্য লঙ্কা সফর খুব ভালো কাটেনি তার। টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই এইচএসসি পরীক্ষা দিতে দেশে ফিরে আসেন বিজয়। আর একই কারণে জিম্বাবুয়ে সফরেও খেলা হয়নি এই ওপেনারের। পরীক্ষার পর কন্ডিশনিং ক্যাম্প দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে শেষ পর্যন্ত পাস করায় আন্তর্জাতিক ক্রিকেট চলাকালীন খেলার সঙ্গে পড়াশুনা করার মতো পরিশ্রম বৃথা যায়নি বিজয়ের। কদিন আগেই জানিয়েছেন মুশফিক-রাজ্জাকদের মতো উচ্চশিক্ষার ইচ্ছা আছে ডানহাতি এই ওপেনারেরও। ঢাকার স্ট্যামফোর্ড কলেজ থেকে ৩.১০ জিপিএ নিয়ে পাস করেছেন তাসকিন। পাস করার পর আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘পাস করেছি এতেই আমি খুশি। অনেকে ভেবেছিল পাসই করবো না। বি গ্রেড পেয়ে আমি সন্তুষ্ট আছি।’ মিরপুরে ইনজুরি থেকে সেরে উঠার পুনর্বাসন প্রোগ্রামের কাজ করছেন তাসকিন। সৌম্য সরকারও ৩.১০ জিপিএ পেয়েছেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে থাকা পেসার আবু হায়দার রনি জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পাস করেই খুশি তাসকিন। ইংল্যান্ডে থাকা আবু হায়দার রনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাসের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্ট্যাটাস দিয়ে নিজেই জিপিএ ৫.০০ পাওয়ার খবর জানিয়েছেন তিনি।