অফ স্পিনার অমিত মিশ্রার দুর্দান্ত বোলিংয়ে গতকাল বুলাওয়েতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ভারত সাত উইকেটের সহজ জয় পেয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। আর এই হারের ফলে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশই হতে হলো স্বাগতিকদের। মিশ্রা ৪৮ রান খরচায় দখল করেন ছয় উইকেট।
প্রতিপক্ষ তুলনামূলক বিচারে অনেকটাই দুর্বল হওয়ায় এই সিরিজাকে ভারত বেছে নিয়েছিল কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখার উপলক্ষ হিসেবে। তাদের মধ্যে ছিলেন মিশ্রাও। আর প্রাপ্ত সুযোগটাকে কি দারুণভাবেই না কাজে লাগালেন তিনি। এই ম্যাচে ছয় উইকেট নিয়ে সিরিজে মিশ্রার উইকেট দাঁড়াল ১৮ যা কিনা দুইদলের মধ্যেই সর্বোচ্চ।
মিশ্রার দুর্দান্ত বোলিংয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় মাত্র ১৬৩ রানে। জবাবে প্রায় ১৬ ওভার আর সাত উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। আজিঙ্কা রাহানে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন।
