মাগুরায় জমে উঠেছে ঈদ বাজার

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২২
মাগুরায় জমে উঠেছে ঈদের বাজার। শহরের মার্কেট ও বিভিন্ন বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ১৫ রোজার পর বিক্রি বেড়ে গেছে ব্যাপকভাবে। মাগুরা শহরের বেবী প্লাজা, নূরজাহান প্লাজা, আল আমীন মার্কেট, বকসী মার্কেট, সুপার মার্কেট, হাজীপুর কমপ্লেক্স, জমজম মার্কেট, কবীর মার্কেট, সৈয়দ আতর আলী সড়কের পৌর মার্কেট, এম.আর রোডের পৌর মার্কেট, জুতা পট্টিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বর্তমানে শাড়ি কাপড়, ছিট কাপড়, জুতার দোকানে সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন গ্রাম থেকে পুরুষ ও মহিলা, শিশু-কিশোর, তরুণীরা বিভিন্ন দোকান ঘুরে তাদের পছন্দমত শাড়ি কাপড়, থ্রিপিস, জুতা-স্যান্ডেল ক্রয় করছেন। রেডিমেট দোকানগুলোতে নানা নামের ও ডিজাইনের পোশাক কিনতে ভিড় লেগেই থাকছে। ক্রেতারা জানান, গতবছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি। বৃষ্টি উপেক্ষা করে চলছে ঈদের বাজার। দর্জির দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। কসমেটিক্স দোকানগুলোতে এখনও তেমন বিক্রি শুরু হয়নি। ২৫ রমজানের পর থেকে এসব দোকানে বিক্রি বেশি হবে বলে বিক্রেতারা জানান। বিউটি পার্লারগুলোতেও ভিড় বাড়তে শুরু করেছে। সৈয়দ আতর আলী সড়কে প্রধান ডাকঘরের সামনে স্বল্পআয়ের মানুষেরা ফুটপাত থেকে তাদের ঈদের বাজার করছেন।