ফেরিঘাটে ছিনতাই হওয়া ডলার উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৬
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরি থেকে ছিনিয়ে নেয়া প্রবাসী যুবকের ৭৮০ ডলার ও নগদ টাকা বুধবার গভীর রাতে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বৌ-শাশুড়ীকে আটক করেছে। জানা গেছে, গত ১৯ জুলাই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জাকির হোসেন দক্ষিণ কোরিয়া থেকে স্ত্রী, সন্তান নিয়ে বাড়িতে ফিরছিলেন। ফেরিতে নদী পারাপারের সময় ভোর সোয়া চারটার দিকে দৌলতদিয়া ঘাটের কাছে আসামাত্র ১২/১৩ জনের ছিনতাইকারী দল অস্ত্রের মুখে গলায় থাকা পাঁচ ভরি ও দেড় ভরি ওজনের দু’টি স্বর্ণের চেইন এবং পকেটে থাকা আট লক্ষাধিক টাকা মূল্যের ১০ হাজার ১০৩ ডলার ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ দৌলতদিয়া ইমানখার পাড়ার সাহা বেপারীর ছেলে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক তদন্তে নজরুলের দুই ভাই আরশাদ ও এরশাদকে গ্রেপ্তারে বুধবার অভিযান চালালে না পেয়ে নজরুলের স্ত্রী একাকে আটক করে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার শাশুড়ী রহিয়া বেগমকে আটক করে এবং বালিশের ভিতর থেকে খোয়া যাওয়া ৭৮০ ডলার ও নগদ ৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।