সাতক্ষীরায় পরিবহন ডাকাতির ঘটনায় সর্দারসহ গ্রেফতার ৫

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৮
সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু ব্যবসায়ীদের পরিবহনে ডাকাতির ঘটনায় পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল গফুরসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে এ সময় উদ্ধার করা হয়েছে নগদ ১৯ হাজার টাকা ও একটি ২১ ইঞ্চি কালার টেলিভিশন। গ্রেফতারকৃত ডাকাতরা হল, যশোর জেলার চৌগাছা নগরবন্যী এলাকার তছিম উদ্দীনের ছেলে ডাকাত সর্দার আব্দুল গফুর (৩৮), একই এলাকার মালেক মন্ডলের ছেলে কুরবান আলী (২০), চৌগাছা আন্দুলিয়া এলাকার আব্দুল লতিফের ছেলে রাকিবুল হাসান (১৯), ঝিকরগাছার মির্জাপুর এলাকার সাখাওয়াত আলীর ছেলে আজগর আলী (৩৫) এবং একই উপজেলার পায়রা ডাঙ্গা এলাকার আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন হূদয় (২৪)। পুলিশ গত ৪৮ ঘন্টার অভিযানে এ নিয়ে মোট ৮ ডাকাতকে গ্রেফতার করেছে।