বোর্ড র্যাংকিংয়ে ষষ্ঠ অবস্থানে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তিতে সারা দেশে শীর্ষে অবস্থান করছে ঢাকা বোর্ডের নটর ডেম কলেজ। এ বছর এ কলেজ থেকে এক হাজার ৭৬৬ জন জিপিএ ৫ পেয়েছেন।
কলেজের মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে মোট ২ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২ হাজার ৫২৩ জন। অকৃতকার্য হয়েছে ১৫ ছাত্র। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৪১। গত বছরের তুলনায় এবার কলেজটি জিপিএ-৫ বেশি পেলেও র্যাংকিংয়ে পঞ্চম অবস্থান থেকে ৬ষ্ঠ স্থানে নেমে এসেছে।
এ প্রসঙ্গে নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বদাই উদ্বুদ্ধ করে থাকেন শিক্ষকরা। শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকে সঠিক পাঠদান করতে পারেন তাহলে অবশ্যই শিক্ষার্থী ভালো ফলাফল করবে। কলেজে পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্যপাঠ, বিশ্বব্যাপী জ্ঞানার্জনের অবাধ সুযোগ শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। এ ছাড়াও শ্রেণিকক্ষে প্রত্যেক শিক্ষার্থীদের ৮৫ ভাগ উপস্থিতির বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হয়।
তিনি বলেন, পাসের হার আর জিপিএ দেখলে হবে না শিক্ষার গুণগত মানের ওপর নজর দিতে হবে। একজন শিক্ষার্থী যা শিখছে বাস্তব জীবনে তা কতটুকু কাজে লাগাতে পারছে সেটা আসল বিষয়। শিক্ষকদের নজর দিতে হবে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বুদ্ধি বাড়ানোর ব্যাপারে।
