বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা বিচ্ছিন্নভাবে রাজধানীর কয়েক এলাকায় বিক্ষোভ করেছে। এ বিক্ষোভের অংশ হিসেবে জামায়াত-শিবির কর্মীরা গতকাল যাত্রাবাড়িতে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে এবং মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তবে এ দুটি ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহীদ ফারুক সড়কে বিকেল পৌঁনে ৪টার দিকে যাত্রাবাড়ীতে একটি নতুন মাইক্রোবাসে আগুন দেয় জামায়াতে ইসলামীর কর্মীরা। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহীদ ফারুক সড়কে ৪টার দিকে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী। এসময় তারা নতুন একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা ৭টি ককটেল ও ২টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মিনহাজুল রহমান জানান, শহীদ ফারুক সড়কে জামায়াত একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারীরা একটি নতুন মাইক্রোবাসে আগুন দেয়।
এর আগে সকালে রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই বিক্ষোভ মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৯টার দিকে ছাত্রশিবিরের ৫০/৬০ জন কর্মী মিছিল বের করে। মিছিলটি মহাখালী থেকে বের করে আমতলীর দিকে যায়। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এবং দু’টি বাসে ইট নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
