এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার সামান্য কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫। এই শিক্ষা বোর্ডে এবার পাসের হার শতকরা ৭৭ দশমিক ৬৯ ভাগ। গত বছর পাসের হার ছিল শতকরা ৭৮ দশমিক ৪৪ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৬ হাজার ৮৭২ জন। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় পাসের হারের দিক থেকে মেয়েরা এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বিগত পাঁচ বছরের সাফল্য অটুট রেখেছে ছেলেরা। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৫০ ছাত্র এবং ৩ হাজার ৮১৬ ছাত্রী। শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.এ হুরাইরা এই ফলাফল ঘোষণা করেন। শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ৭২ জন। পাস করেছে ৮১ হাজার ৬৩১ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৪২ হাজার ১০৭ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৫২৪ জন। বিজ্ঞানে ২২ হাজার ৭৫২ পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয়ে পাস করেছে ১৬ হাজার ৬৮৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৭৯ জন। মানবিকে ৫৮ হাজার ৬৫ পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয়ে পাস করেছে ৪৪ হাজার ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৫ জন। বাণিজ্যে ২৪ হাজার ২৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৮৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৬২ জন। এবার ৯টি কলেজের পাসের হার শতভাগ, ৪টি কলেজের কেউ পাস করেনি।
শীর্ষ ২০ কলেজ
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ কলেজের শীর্ষে স্থান পেয়েছে রাজশাহী সরকারি কলেজ। ২য় পাবনা ক্যাডেট কলেজ, ৩য় রাজশাহী ক্যাডেট কলেজ, ৪র্থ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, ৫ম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৬ষ্ঠ রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ, ৭ম বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, ৮ম উল্লাপাড়া সায়েন্স কলেজ, ৯ম সিরাজগঞ্জ সরকারি কলেজ, ১০ম পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজ, ১১তম রাজশাহী সরকারি সিটি কলেজ, ১২তম নওগাঁ সরকারি কলেজ, ১৩তম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ১৪তম বগুড়া এসওএস হারহামগুনিয়ার কলেজ, ১৫তম পাবনা আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজ, ১৬তম নবাবগঞ্জ সরকারি কলেজ, ১৭তম পাবনা সরকারি মহিলা কলেজ, ১৮তম রাজশাহী সরকারি মহিলা কলেজ, ১৯তম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ২০তম সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ, নাটোর।
