চট্টগ্রামে ইংরেজিতে খারাপ করেছে অধিকাংশ পরীক্ষার্থী

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২২:১১
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার পাসের হার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইংরেজি বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী খারাপ করেছে। ফলে গড়ে পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ২২ শতাংশ। যা গতবারের চেয়ে ১১ দশমিক ০৯ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭২ জন। গতবার পেয়েছিল ৩ হাজার ১৪৫ জন। চট্টগ্রাম বোর্ডের মেধা তালিকায় ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ শীর্ষ স্থানে রয়েছে। চট্টগ্রাম বোর্ডে মোট ৬৪ হাজার ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ হাজার ৯৮৬ জন। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৫৩৮ জন ও ছাত্রী ১৯ হাজার ৪৪৮ জন। শহরের চেয়ে গ্রামের কলেজগুলোতে ফলাফলে বিপর্যয় ঘটেছে। চট্টগ্রাম জেলা ও তিন পার্বত্য এলাকার কলেজগুলোতে পাসের হার ৫০ শতাংশের নিচে। শিক্ষা বোর্ড, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ইংরেজি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হয়েছে। হরতালের কারণে পরীক্ষা পিছাতে হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘পরীক্ষার সূচিতে ইংরেজি বিষয় প্রথম দিন ছিল। আর হরতালের কারণে সবার শেষে ইংরেজি পরীক্ষা হয়েছে। পরীক্ষার আগের দিনও শিক্ষার্থীরা জানতো না। ফলে তারা টেনশনে ছিল। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।’ চট্টগ্রামে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ফলাফল সবচেয়ে ভাল করেছে। পাসের হার ৬৮ দশমিক ৫৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬২ দশমিক ৯৪ শতাংশ ও মানবিক বিভাগে ৫০ দশমিক ৮০ শতাংশ। মেধা তালিকায় ২০ কলেজ চট্টগ্রাম বোর্ডের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ২০ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে-ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, আগ্রাবাদ মহিলা কলেজ, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ও হাজেরা-তজু ডিগ্রী কলেজ।