অনুষ্ঠান নির্মাণ, গান আর চলচ্চিত্র, সবমিলিয়ে বেশ কাটাচ্ছেন মৃণাল দত্ত নিজের কাজের সীমানায়। সর্বশেষ তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ চলচ্চিত্রে গান গাইলেন তিনি। অভিনেতা মৃণাল দত্ত এর আগে অডিও অ্যালবামে বিচ্ছিন্নভাবে গান গাইলেও এই প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে গাইলেন। নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে মৃণাল দত্ত বলেন, ‘এটা আসলে কাকতালীয়ভাবে হয়ে গেছে। সরকারি অনুদানের এই চলচ্চিত্রে পাশাপাশি তানভীর মোকাম্মেলের মতো গুণী নির্মাতার এই কাজটি করতে গিয়ে তানভীর ভাই-ই আমাকে অফার করেন, যেহেতু গানটি আমার লিপেই যাবে, তাহলে কেন বাইরের শিল্পী। তার আগেই সুরটি আমি গুন গুন করে গাইছিলাম।’ তানভীর মোকাম্মেলের লেখা এবং সৈয়দ সাবাব আলী আরজুর সুর ও সংগীতে গানটি গেয়েছেন মৃণাল দত্ত। তবে ‘জীবনঢুলী’র পাশাপাশি এরই ভেতরে বেশ কটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে কাজ করেছেন মৃণাল। এগুলো হলো গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’, মানিক মানবিকের ‘শোভনে স্বাধীনতা’ ও খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’।
