ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে আরবরি কালচার দফতর এবং বিশ্ববিদ্যালয় বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ বছরের ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, আরবরি কালচার দফতরের তত্ত্বাবধায়ক অধ্যাপক মিহির লাল সাহা, ড. বিমল গুহ। ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই চলবে না, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
