প্রতিমাসে ১০০ কোটি টাকা পরিশোধ করার শর্তে ১১টি মামলার আসামি হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিধিমূলে এ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল।
প্রসঙ্গত জেসমিন ইসলাম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভির মাহমুদের স্ত্রী। গত বছর ১৭ অক্টোবর মানিকগঞ্জ শহরের মুকুল নামে হলমার্ক কোম্পানির এক কর্মচারীর বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। এরপর তাকে ১১ মামলার মধ্যে তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফায় ১৩ দিনের রিমান্ডে নেয় দুদক।
গত ৭ ফেব্রুয়ারিও জেসমিনের জামিন মঞ্জুর করেছিলেন একই আদালত। হাইকোর্টে এক আইনজীবীর রিট আবেদনের কারণে গত ১৭ ফেব্রুয়ারি জামিন বাতিল করা হয়। ১৯ ফেব্রুয়ারি একই আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপ মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে ১১টি মামলা দায়ের করে দুদক।
