দেশের ১০টি সিটি কর্পোরেশনের ৭০ লাখেরও বেশি মানুষকে চক্ষুসেবার আওতায় আনার লক্ষ্যে উদ্বোধন হয়েছে ভিশন বাংলাদেশ প্রকল্পের দ্বিতীয় পর্যায়। বাংলাদেশ সরকার গৃহীত ২০২০ সালের মধ্যে নিবারণযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্য অর্জনে এটি কাজ করবে।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন অডিটরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ. ফ. ম. রুহুল হক। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার, পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির এমপি। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. কাওসার আফসানা।
সিলেট বিভাগে ২০১১ সাল থেকে নিবারণযোগ্য অন্ধত্ব (অ্যাভয়েডেবল ব¬াইন্ডনেস) নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার ও ব্র্যাক যৌথভাবে কাজ করছে। গ্রামীণ এলাকায় পরিচালিত সেই প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে এবার চালু হচ্ছে ভিশন বাংলাদেশ প্রকল্পের দ্বিতীয় পর্যায়। -প্রেস বিজ্ঞপ্তি
