ওয়েন রুনির জন্য দর বাড়াতে যাচ্ছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারকে দলে নিতে এখন ৪ কোটি পাউন্ড খরচ করতে প্রস্তুত কোচ হোসে মরিনহোর দল। এমনটাই জানিয়েছে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল।
এমন কিছু একটাই যে চেলসি করতে যাচ্ছে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। এর মধ্যেই একবার তাদের ৩ কোটি পাউন্ডের দর প্রত্যাখ্যান করে ইউনাইটেড। এরপরই হোসে মরিনহো বলেছিলেন, রুনিকে পেতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবে ব্লুজরা। তাই এক লাফে এক কোটি পাউন্ড বেড়ে গেল।
যদিও এখন পর্যন্ত চেলসিতে যাবার ব্যাপারে কোন ধরনের আগ্রহ প্রকাশ করেননি ২৭ বছর বয়সী ওয়েন রুনি। ডেভিড মোয়েসের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চান তিনি। ব্রিটিশ প্রত্রিকা ডেইলি স্টার সানডেকে তিনি বলেছেন, ‘আমি কোন ভাবেই ইউনাইটেড ছাড়তে চাই না।’
শেষ গত পাঁচ মে সুইডেনে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এআইকে স্টোকহোমের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে দেখা যায় রুনিকে। এরপর মাঝে সিঙ্গাপুর সফরে এসেও শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে দেশে ফিরে আসতে হয় তাকে। আর এতোদিন বাদে এই গত শুক্রবার সেভিয়ার বিপক্ষে রিও ফার্দিনান্দের বিদায়ী ম্যাচে দেখা যায় তাকে।
আর গত শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে ৪৫ মিনিট মাঠে থেকে ফিটনেস দিয়ে বেশ ভাল ভাবেই উতরে গেছেন রুনি। আর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে রবিন ফন পার্সির বিপক্ষে। কারণ, মোয়েস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক নম্বর স্ট্রাইকার হিসেবে পার্সিকেই বেশি মনে ধরেছে তার। সেদিক থেকে রুনি’র চেলসিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকছেই। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, চেলসিতে আসলে দলের মূল স্ট্রাইকারের জায়গাতেই খেলবেন রুনি।
রুনি’র দলবদল নিয়ে গুঞ্জনটা বেশ আগের। স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলেই কানাঘুষা ছিল যেকোন সময়ই রেড ডেভিলদের বিদায় জানাতে যাচ্ছেন রুনি। আর এখন ফার্গি না থাকলেও মোয়েসের আমলেই একই গুজব বিদ্যমান।
ডেইলি মেইল জানিয়েছে, মোয়েস আর রুনির মধ্যে এখন যথেষ্ট শখ্যতা গড়ে উঠেছে। সূত্র জানিয়েছে, রুনি যথেষ্ট আগ্রহের সাথে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। প্রস্ততি ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। আর কোচ মোয়েসও চাইছেন দ্রুতই ম্যাচে ফিরে আসুক রুনি। প্রিমিয়ার লিগ শুরু হতে আর দু’সপ্তাহ থেকেও আরো কম সময় বাকি। তাই এই সময়ে ফিটনেস ফিরে পাওয়া ছাড়া কোন বিকল্প নেই তার সামনে।
