বিএনএফ নিবন্ধন নিয়ে শংকায়

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:০০
বর্তমান সময়ের আলোচিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নিবন্ধন পাওয়া নিয়ে শংকা প্রকাশ করেছে দলটির চিফ কো-অর্ডিনেটর। মাঠ পর্যায়ের অফিসসহ আনুষঙ্গিক তথ্যাদি সঠিক আছে কিনা তার পুন:তদন্তের ফল দলটির বিপক্ষে যাচ্ছে বলেও তাদের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে। গতকাল রবিবার দলটির চিফ কোঅর্ডিনেটর ও মুখপাত্র এস এম আবুল কালাম আজাদ চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এ আশঙ্কার কথা জানান। বিএনএফের কো-অর্ডিনেটর ও মুখপাত্র এস এম আবুল কালাম আজাদ বলেছেন, ইসি আমাদের কাছে তিনটি তথ্য চেয়েছিল। আমরা তাদের পাঁচটি তথ্য দিয়েছি। এরপরও তদন্ত কর্মকর্তারা নানা বিতর্কিত প্রশ্ন করে আমাদের হয়রানি করছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা অফিসের জন্য যে বাড়ি ভাড়া নিয়েছি তার ভাড়া কতো এবং কতোদিন থেকে ভাড়া নিয়েছি তাও জানতে চাচ্ছেন। এমনকি ভাড়া দেয়া সম্ভব না হলে কি হবে তাও জানতে চাচ্ছেন - এটা গ্রহণযোগ্য নয়। গত ১৮ জুলাই বিএনএফ ও বাংলাদেশ সাংস্কৃতিক জোট-এ দুইটি দলের মাঠ পর্যায়ের অফিস পুন:যাচাইয়ের জন্য কমিশন সভায় সিদ্ধান্ত হয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তাদের জেলা ও উপজেলা অফিস পুন:তদন্ত করে রিপোর্ট দিতে কমিশন সময় দেয় ১৫ দিন। আজ সোমবার সে সময় শেষ হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সহকারি সচিব মিছবাহউদ্দিন আহমদ বলেন, কিছু রিপোর্ট এসেছে এবং এখনো কিছু বাকি আছে। আশা করছি সেগুলো যথাসময়ে চলে আসবে। সাবেক একজন মন্ত্রীকে নিয়ে বিএনএফের মুখপাত্র দুপুরে ইসিতে আসেন। একজন নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। তারা বিএনএফের জেলা, উপজেলা ও থানা কার্যালয়ের হালনাগাদ তথ্য পুন:যাচাইয়ের বিষয়ে আপত্তি জানান। এ বিষয়ে দলটির মুখপাত্র বলেন, কমিশন বলেছে আপনারা আপত্তি জানিয়েছেন, আমরা দেখবো। এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ন-সচিব (আইন) এন আই খানকে ছাড়পত্র দেয়া হয়েছে।