সরকার সংযত না হলে গণতন্ত্রের সলিল সমাধি : বি. চৌধুরী

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:০১
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকার যদি এখনও সংযত না হয় তাহলে ভবিষ্যতে দেশে অনির্বাচিত সরকার আসার আশঙ্কা বেড়েই যাবে। এতে গণতন্ত্রের সলিল সমাধি ঘটতে পারে। সেজন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল রবিবার বিকালে রাজধানীর কাফরুলে অনুষ্ঠিত ইফতার-পূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক বি. চৌধুরী বলেন, নির্বাচন কমিশন দলীয়করণ হয়ে গেছে। ইদানীং নির্বাচন কমিশনের বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। বিকল্পধারা কাফরুল থানার সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মনজুর রাশেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক স্থপতি মাহফুজুর রহমান, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, ওসমান গণি, শেখ ফারুক, মো. আব্দুল গণি, সাইফুজ্জামান, শাহাদত হোসেন শান্ত প্রমুখ।