প্রখ্যাত সংগীতশিল্পী মো. আব্দুল জব্বারের ছেলে মিথুন জব্বারের ‘স্মৃতির বাড়ি’ অ্যালবামের ডিভিডির মোড়ক উন্মোচন হয়েছে গত ৪ আগস্ট। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনেক শিল্পী, কলাকুশলী উপস্থিত ছিলেন। এদের মধ্যে বাবা আব্দুল জব্বারসহ অ্যন্ড্রু কিশোর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সংগীতশিল্পী নজরুল ইসলাম, সংগীত পরিচালক শেখ সাদী খান, কণ্ঠশিল্পী তিমির নন্দী, হাসিনা মমতাজ, খায়রুল আলম সবুজ, আজম বাশার, নাসরিন, রোকেয়া সুলতানা, মাহবুবুর রহমান, তায়েবা বেগম লিপি, বিশ্বজিত্ গোস্বামী, শুভ সাহা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ উল্লেখযোগ্য। শিল্পী আব্দুল জব্বারের ছেলে মিথুন জব্বার গানের জগতে এক নতুন অতিথি। ‘স্মৃতির বাড়ি’ অডিও অ্যালবামে তার সুকণ্ঠের পরিচয় মিলেছে বলে জানালে উপস্থিত অতিথিবৃন্দ। গত পহেলা বৈশাখে অ্যালবাম রিলিজ হয়। বৈশাখের অনেক অ্যালবামের ভিড়েও এটি বেশ আলোচনায় ছিল। এই বিষয়টি ভেবেই ‘স্মৃতির বাড়ি’ অ্যালবামের মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করা হয়। মোট ৮টি গানের চিত্রায়ণ করা হয়েছে। দেশে-বিদেশে চিত্রায়িত এই ডিভিডি অ্যালবামের ৮টি গান পরিচালনা করেছেন ঢাকার রম্য খান ও নিউইয়র্কের শাহরিয়ার রহমান সজীব। গান ৮টি হলো ‘স্মৃতির বাড়ি’, ‘আমার আপন হলে’, ‘প্রজাপতি’, ‘হূদয়হীনা’, ‘শিমুল তুলো’, ‘তুমি বলে দিলে’, ‘বৈরাগী’ ও ‘মন খুলে নাচিবে’।
