এবারের ঈদে অভিনেতা টুটুল চৌধুরীর অভিনয়ে ৪টি নাটক প্রচার হবে। গ্রামীণফোন প্রযোজিত নাটক ‘সাইকেলওয়ালার স্বপ্ন’ প্রচারতি হবে ৫টি চ্যানেলে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এ নাটকে বিডি সাইক্লিস্ট মোজাম্মেল হকের মূল সংগঠক ফুয়াদ চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী। কায়সার আহমেদের পরিচালনায় ঢাকাইয়া ভাষার নাটক ‘ক্যাঠায় কইছে ভালোবাসা ভালো না’ নাটকে টুটুল চৌধুরী অভিনয় করেছেন এক চতুর ঢাকাইয়া ছেলের চরিত্রে যার মাথায় আছে এক দুষ্টু বুদ্ধির আড়ত। এই নাটকটি যাবে একুশে টিভিতে ঈদের ৩য় দিনে রাত ১১টায়। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় আরেকটি বিশেষ নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। নাটকটির নাম ‘গণিত স্যার’, এই নাটকে টুটুল চৌধুরীর সাথে আরও আভিনয় করেছেন বিন্দু ও জয়ন্ত চট্টোপাধ্যায়। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিনে বিটিভিতে রাত ৮টা ৩০ মিনিটে। এবারের ঈদ টুটুল চৌধুরীর জন্য একটি বিশেষ মুহূর্ত। এই ঈদেই প্রচার হতে যাচ্ছে তার লেখা প্রথম নাটক ‘সূচনার সমাপন’। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া ও টুটুল চৌধুরী। টুটুল চৌধুরী বলেন, ‘প্রতিটি নাটকের গল্পেই ভিন্নতা আছে। আমিও সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রগুলোর সঙ্গে মানিয়ে নিতে।’
