শেয়ার বাজারের সূচক বাড়লেও লেনদেন দুইশ’ কোটির ঘরে

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৪১
ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে শেয়ার বাজারের লেনদেন। ঈদুল ফিতরের আগে শেষ পর্যন্ত সূচক বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তবে ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সূচক ফের বড় ধরনের পড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। তাই অনেকেই বর্তমানে বিনিয়োগ থেকে বিরতও রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সব দলের গ্রহণযোগ্য পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে রাজনৈতিক শঙ্কা দূর করা প্রয়োজন। যেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাজার ফের পতনের ধারায় ফিরে না আসে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েকদিনের টানা দর পতনের ফলে কিছু কিছু শেয়ারের দাম বেশ নিচে চলে আসায় বিনিয়োগকারীরা তা পোর্টফোলিওতে রাখতে চাইছেন। এতে বাজারে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। তবে সামনে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন। আর রাজনৈতিক পরিস্থিতি আশাব্যঞ্জক না হওয়ায় লেনদেনও থাকছে দুইশ’ কোটি টাকার ঘরে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৫ কোটি ২০ লাখ ২ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি ৩৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ৬ দিন দেশের উভয় শেয়ার বাজার বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ১২ আগস্ট থেকে আগের নিয়মে অর্থাত্ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন হবে।