এবার ঈদকে সামনে রেখে ২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার পর্যন্ত সাড়ে ১৫ হাজার কোটি টাকা নিয়েছেন গ্রাহকরা। ঈদের আগে আর মাত্র একদিন আগামীকাল বুধবার ব্যাংক খোলা। এদিনের চাহিদানুযায়ী টাকা সরবরাহের জন্যও সবধরনের প্রস্তুতি রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক দাবি করছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার (মহাব্যবস্থাপক) সাইফুল ইসলাম খান ইত্তেফাককে বলেন, বিভিন্ন উত্সব বিশেষ করে ঈদের আগে নতুন টাকার চাহিদা বেড়ে যায়। সেজন্য বাংলাদেশ ব্যাংকও নতুন টাকা সরবরাহের ব্যবস্থা করে থাকে। এবার পহেলা রমজান থেকে নতুন নোট ছাড়া শুরু হয়েছে। রোজার প্রথম দিকে এ চাহিদা কমে গেলেও শেষের দিকে এসে চাহিদা অনেক বেড়েছে। গ্রাহকের চাহিদা মাফিক সরবরাহের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, রমজানের প্রথম দিকে গড়ে চার থেকে ছয়শ’ কোটি টাকা ছাড়া হলেও এখন প্রতিদিন ছাড়া হচ্ছে দেড় হাজার কোটি টাকা করে। ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়লে জাল নোট কারবারিরা সক্রিয় হয়ে উঠে। তবে এবার তেমন কিছু শোনা যায়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জাল নোট প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে এবারই প্রথম ভিডিও প্রেজেনটেশনের মাধ্যমে সব ব্যাংকে জনসম্মুখে জাল নোট শনাক্তের উপায় উপস্থাপন করতে বলা হয়েছে। প্রতিটি ব্যাংক আঞ্চলিক কার্যালয় থেকে রমজান সাসে সপ্তাহে অন্তত একদিন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এসবের পাশাপাশি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেও বিষয়টি বলা হয়েছে। সব মিলিয়ে এবারের রোজায় জাল নোটের বিস্তার কিছুটা কম ছিলো বলে জানা গেছে।
জানা গেছে, এর আগের বছর ঈদ-উল-ফিতরের আগে ১৬ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিলো। ওই সব নোটের বেশিরভাগই ছিলো পুরাতন নোট নতুন করে ইস্যু করা। মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবারও পুরাতন নোটই নতুন করে ইস্যু করা হচ্ছে। এবারে যে ২০ হাজার কোটি টাকা বাজারে ছাড়া হচ্ছে তার মধ্যে ছেঁড়া-ফাটা নোটের বিপরীতে বিভিন্ন সময়ে বদলে দেয়া টাকার পরিবর্তে ৮ হাজার কোটি টাকা এবং বিভিন্ন ব্যাংকের পুরাতন নোটের পরিবর্তে ১২ হাজার কোটি টাকা। এসব নোটের সবই যেহেতু পুরাতন নোট নতুন করে ইস্যু হচ্ছে তাই এতে বাজারে অর্থ সরবরাহ বাড়বে না। তাই নতুন এ টাকা মূল্যস্ফীতির ক্ষেত্রেও কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সব মিলিয়ে বর্তমানে প্রায় ৭৭ হাজার কোটি টাকা বাজারে প্রচলিত আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
