পরিবেশ অধিদপ্তর রবিবার অভিযান চালিয়ে ধানমন্ডির এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে। এ সময় অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর ।
প্রতিষ্ঠানের মালিককে সদর দপ্তরে তলব করে শুনানি গ্রহণ শেষে ধানমন্ডি এলাকায় অবস্থিত নন্দন সিলভার শেড নামক বহুতল ভবনটির পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে এবং নির্মাণ কাজে সৃষ্ট শব্দ সহনীয় মাত্রার চেয়ে অত্যধিক হওয়ার অপরাধে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ২ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
