সম্ভাব্য ঘরোয়া ক্যালেন্ডার
খেলা সময়
ঢাকা প্রিমিয়ার লিগ ২০১২-১৩ সেপ্টেমর, ২০১৩
সুপার লিগ ২০১২-২০১৩ অক্টোবর-নভেম্বর, ২০১৩
জাতীয় ক্রিকেট লিগ নভেম্বর-ডিসেম্বর, ২০১৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিসেম্বর-২০১৩, জানুয়ারি, ২০১৪
ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৩-১৪ এপ্রিল-মে, ২০১৪
বাংলাদেশ ক্রিকেট লিগ মে-জুন, ২০১৪
স্পোর্টস রিপোর্টার
অবশেষে ২০১৩-১৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের জন্য ক্যালেন্ডার প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এটাকে আসলে কোন মৌসুমের ক্যালেন্ডার বলা যাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করা যেতে পারে। কারণ এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ।
দফায় দফায় পেছাতে থাকা প্রিমিয়ার লিগের সময় সেপ্টেম্বরেই নির্ধারিত রাখা হয়েছে। আর নিউজিল্যান্ড সফরের পর অক্টোবর বা নভেম্বর মাসে হওয়ার কথা এর সুপার লিগ অংশ। ক্যালেন্ডারের মজার দিক হল- এর চার মাস পরেই ২০১৪ সালের এপ্রিল মাস থেকে ২০১৩-১৪ মৌসুমের প্রিমিয়ার লিগের জন্য সময় ঠিক করা হয়েছে।
এতো কম সময়ের ব্যবধানে দুটো লিগ করা যাবে কি না, সে প্রশ্নের জবাব ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য আশার কথাই শোনালেন, ‘সময়টা একেবারে কম নয়। আর এবারের লিগে ভিন্ন ধরনের দলবদলের ফলে ক্লাবগুলোর খরচ অনেক কম হবে। ফলে আগামী মৌসুমে স্বাভাবিক পদ্ধতির দলবদলসহ লিগ যথাসময়ে করার ব্যাপারে আমি আশাবাদী।’
এ ছাড়া ক্যালেন্ডারে বাংলাদেশ ক্রিকেট লিগের আগে নিয়ে আসা হয়েছে বিপিএলের তৃতীয় আসরকে। এ বছরেরই ডিসেম্বর মাস থেকে আবার বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।
নভেম্বর-ডিসেম্বরে জাতীয় লিগের পরপরই শুরু হবে বিপিএল। আর পরের বছর প্রিমিয়ার লিগের পরে হবে গত মৌসুমে চালু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ।
