গ্র্যান্ডমাস্টার জিয়ার পাশে ক্রিকেট বোর্ড

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৫
একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থের অভাবে বিদেশের টুর্নামেন্টে দল পাঠাতে হিমসিম খেতো। প্রবীণ সংগঠকেরা এখনও মনে করতে পারে, কিভাবে বাংলাদেশ বিমানে বলে-কয়ে, ফুটবল ফেডারেশনের সমর্থন নিয়ে দলকে বাইরে পাঠানো হত। সেই দিন বদলে গেছে। এখন ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন। ফলে এখন তাদের ‘ঋণশোধ’ করার পালা। গতকাল সেই দৃষ্টান্তই রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেচে এসে তারা দাঁড়ালো বাংলাদেশের শীর্ষ দাবাড়ু, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের পাশে। অনিশ্চিত হয়ে যাওয়া জিয়ার নরওয়ে বিশ্বকাপ সফরের খরচ বহন করার দায়িত্ব নিয়ে গতকালই তার হাতে বিসিবি তুলে দিল চেক। যদিও ঠিক কতো টাকার চেক, তা বিসিবি বা জিয়া জানাননি। তবে জানা গেল অংকটা দুই লাখ টাকার কাছাকাছি হবে। বাংলাদেশে সফলতার দিক থেকে অন্যতম শীর্ষ খেলা হওয়ার পরও অবহেলায় জর্জরিত খেলা এই দাবা। পাঁচ পাঁচ জন গ্র্যান্ড মাস্টার উপহার দেয়ার পরও খেলাটিতে লোকেদের আগ্রহ বলতে কিচ্ছু নেই। গত বিশ্বকাপে প্রায় নিজের খরচেই গিয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু এবার ১১ আগস্ট থেকে নরওয়েতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সে সম্ভাবনাও দেখছিলেন না জিয়া। ফলে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এরকম অবস্থায় তার পাশে এসে দাঁড়ালো বিসিবি। চেক হস্তান্তর করে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ‘জিয়াউর রহমান একজন গ্র্যান্ড মাস্টার। ওনার বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের গর্ব। আমরা যখন জানতে পারলাম, ওনার বিশ্বকাপে যাওয়ায় সামান্য সমস্যা হচ্ছে, ওনার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ বিসিবির এই হাত বাড়িয়ে দেয়ায় মুগ্ধ জিয়াও। তিনি বলছেন, ‘আমি আশা ছেড়েই দিয়েছিলাম। বিসিবি থেকে এভাবে হাত বাড়ানো হবে, এটা আমার কল্পনাতেও ছিল না।’