দ্রগবার কাছে হারলো আর্সেনাল

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৬
এক দিদিয়ের দ্রগবার কাছেই হারতে হল ইংলিশ ক্লাব আর্সেনালকে। আইভোরি কোস্টের এই তারকার দুই গোলের কল্যাণে গত রবিবার আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে এমিরেটস কাপের শিরোপা জয় করে তুর্কী ক্লাব গ্যালাতাসারে। আর্সেনালের বিপক্ষে দ্রগবার এমন দাপুটে পারফরম্যান্স নতুন নয়। এর আগে চেলসিতে থাকার সময়ও তার রুদ্রমূর্তির মুখোমুখি হতে হয়েছে গানারদের। এবার ৩৫ বছর বয়সে এসেও দ্রগবা বুঝিয়ে দিলেন, ক্লাব পরিবর্তন করলেও ধারটা সেই আগের মতোই আছে। তাই ৩৫ বছর বয়সেও তিনি সেই আগের মতোই ক্ষিপ্র। প্রথমার্ধে সাইডলাইনে বসে থাকলেও দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে এসে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে এক গোল করে দলকে সমতায় ফেরান দ্রগবা। এর আগে ৩৮ মিনিটে থিও ওয়ালকাটের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। প্রথমার্ধে তাই ১-০ গোলে এগিয়েই ছিল আর্সেনাল। আর দ্রগবা দলকে সমতায় ফিরিয়েই থামেননি। ৮৮ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।