রাজ্য সভা অধিবেশনে যোগ দিলেন শচিন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৭
ক্রিকেটে অনেক রেকর্ড সৃষ্টি করার মতই আরেকটি ‘প্রথম’ হওয়ার রেকর্ড সৃষ্টি করলেন লিটল মাস্টার খ্যাত ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার। সক্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে ভারতের ‘প্রথম’ সংসদ সদস্য নির্বাচিত হন টেন্ডুলকার। গত বছর ৪ জুন তিনি সংসদ সদস্য হিসাবে মনোনীত হলেও রাজ্যসভার চলতি বর্ষকালীন অধিবেশনে সোমবার সকালেই প্রথমবারের মত সংসদে যোগ দেন টেন্ডুলকার। ২৫০ সদস্যের রাজ্য সভায় ‘বিশেষ জ্ঞানার্জন অথবা সাহিত্য, বিজ্ঞান, কলা এবং সামাজিক কর্মকাণ্ডের মত বিষয়ে বাস্তব অভিজ্ঞতার স্বীকৃতি স্বরূপ ১২ সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার ছাড়াও চলচ্চিত্র ব্যক্তিত্ব রেখা এবং শিল্পপতি অনু আগাকেও রাজ্য সভায় মনোনয়ন দেন রাষ্ট্রপতি। অধিবেশন শুরু হওয়ার অনেক আগেই স্ত্রী অঞ্জলিকে নিয়ে মন্ত্রী রাজিব শুক্লার সঙ্গে সংসদে প্রবেশ করেন ‘চ্যাম্পিয়ন’ টেন্ডুলকার। তবে অঞ্জলি দর্শক গ্যালারিতে বসেই অধিবেশন উপভোগ করেন। বিশিষ্ট সংগীত শিল্পি জাভেদ আখতারের পাশের আসনে বসেন ১৫,৮৩৭ টেস্ট রানের মালিক টেন্ডুলকার। এর আগে সংসদের স্পিকার হামিদ আনসারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানালে টেন্ডুলকার নিজ আসনে বসেই বৃদ্ধাঙ্গুল তুলে অভিনন্দন গ্রহণ করেন। বিশৃংখলার কারণে অধিবেশন ১০ মিনিট মুলতবি হলে টেন্ডুলকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে গিয়ে তার সাথে করমর্দনও করেন। -বাসস