দল জিতলেও ব্যর্থ তামিম

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৭
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম জয়ের মুখ দেখলো তামিম ইকবালের সেন্ট লুসিয়া জুকস। প্রথম ম্যাচ হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে সেন্ট লুসিয়া ৫ উইকেটে হারিয়েছে গায়না আমাজন ওয়ারিয়র্সকে। যদিও এই জয়ে তামিমের কোন ভূমিকা নেই বললেই চলে। ম্যাচে ব্যাট হাতে মাত্র ৬ রান করেছেন বাংলাদেশের এই ওপেনার। আট বলের এই ইনিংসে ছিল একটি চারের মার। গায়নায় প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২৬ রান করে স্বাগতিকরা। এরপর ব্যাট হাতে নেমে ৩ বল বাকি থাকতেই জয়ের স্বাদ পায় সেন্ট লুসিয়া। মূলত পাকিস্তানের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের দায়িত্বপূর্ণ ইনিংসের উপর ভর করেই টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখে সেন্ট লুসিয়া। মিসবাহ ৩৩ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন।