ওয়াশিংটন ওপেন

জিতলেন ডেল পোত্রো

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৯
স্বাগতিক জন ইসনারকে পরাজিত করে ওয়াশিংটন ওপেনের শিরোপা জিতলেন আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রো। গত রবিবার অনুষ্ঠিত ফাইনালে ডেল পোত্রো ৩-৬, ৬-১, ৬-২ গেমে যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই ইসনারকে পরাজিত ১.৭৬ মিলিয়ন ডলারের এটিপি ও ডব্লি¬উটিএ হার্ডকোর্ট ইভেন্টের শিরোপা অর্জন করেছেন। গত ছয় বছরে এ নিয়ে তৃতীয়বারের মত এ ইভেন্টের শিরোপা দখল করলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের সপ্তম বাছাই ডেল পোত্রো। একইসাথে মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বছরের শেষ গ্র্যান্ডস্ল¬্যাম ইউএস ওপেনে নিজের প্রস্তুতিটাও বেশ ভালভাবেই সেড়ে নিলেন এ আর্জেন্টাইন। ২০০৯ সালের ইউএস ওপেন জয়ী ২৪ বছর বয়সী টুর্নামেন্টের শীর্ষ বাছাই ডেল পোত্রো এর মাধ্যমে নিজেকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেও প্রতিষ্ঠিত করলেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ডেল পোত্রো বলেন, ‘আমি ফেভারিট হতে পছন্দ করি। এ মুহূর্তে আমি ভাল টেনিস খেলছি। শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের পরাজিত করে কোন টুর্নামেন্টে জয়ী হবার আগে নিজেকে ফিট রাখাটা সবচেয়ে জরুরী। কিন্তু আমার থেকেও আরো ভাল খেলোয়াড় রয়েছে যারা সবসময়ই যেকোন টুর্নামেন্টেই ফেভারিট থাকে।’ নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন এন্ডি মারে, পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার, ২০১০ এর চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবং বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ যে ডেল পোত্রোর তুলনায় ফেভারিট হিসেবে বেশ খানিটা এগিয়ে রয়েছেন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু ওয়াশিংটনের ফাইনালে পরাজিত ইসনার বলেন, জকোভিচ এবং মারের পরে এ মুহূর্তে পারফরমেন্স বিচারে তিনি তৃতীয় ফেভারিট হিসেবে ডেল পোত্রোকেই এগিয়ে রাখতে চান। উইম্বলডনের সেমিফাইনালে জকোভিচের কাছে পাঁচ সেটের লড়াইয়ে পরাজিত হবার পরে বাম হাঁটুর ইনজুরির কারণে কোর্টে নামতে পারেননি আর্জেন্টাইন এ তারকা। উইম্বলডনের ইতিহাসে জকোভিচ এবং ডেল পোত্রোর ম্যাচটি ছিল সবচে দীর্ঘ সময়ের। কিন্তু এক মাসেরও বেশি সময় কোর্টে না থেকে টুর্নামেন্ট জয় করায় স্বস্তি প্রকাশ করে ডেল পোত্রো বলেন, সত্যিকার অর্থেই এক মাস পরে কোর্টে ফিরে এসে টুর্নামেন্ট জিততে পারায় আমি বিস্মিত। হার্ডকোর্টে প্রথম টুর্নামেন্ট জিততে পারাটা আমার কাছে বিশেষ কিছু। এটা আমাকে সামনে এগিয়ে যাবার আত্মবিশ্বাস যোগাবে এবং শীর্ষ খেলোয়াড়দের কাছাকাছি নিয়ে যাবে। ২০০৮ এবং ২০০৯ সালের ওয়াশিংটন শিরোপা জয়সহ এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ১৪টি ম্যাচে জয়ের ধারা বজায় রাখলেন ডেল পোত্রো। সর্বশেষ তিনি যখন ওয়াশিংটনের শিরোপা জিতেছিলেন সে বছর ইউএস ওপেনের শিরোপাও জিতেছিলেন। এর আগে একমাত্র গ্র্যান্ডস্ল্যাম হিসেবে তার ঝুলিতে ছিল ২০০৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন। রটারডামে শিরোপা জয়ের পরে চলতি বছর এই নিয়ে দ্বিতীয় এটিপি শিরোপা জিতলেন ডেল পোত্রো। আর ক্যারিয়ারে এটি তার ১৫তম এটিপি শিরোপা। ইসনারের বিপক্ষে ক্যারিয়ারে ৪টি ম্যাচের সবকটিতেই তিনি জয়ী হলেন।—বাসস/এএফপি