চাঁদ রাতে ‘ঈদ আনন্দ ডট কম’

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২০:১০
ঈদের নামাজ আদায় করে এসে ঈদ সালামি দেওয়া নেওয়া, নানা রকম খাবার গ্রহণ, বর্ণীল পোশাক আশাক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়িতে ঘুরে বেড়ানো-সব মিলিয়ে ঈদের আনন্দ এক মহা মিলন মেলায় রূপান্তরিত হয়। যেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। বাবা-মা, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ বন্ধু-বান্ধবদের সাথে একত্রে ঈদ করার আনন্দের মধ্যে স্বর্গীয় সুখ রয়েছে। এটিএন বাংলার ঈদ আনন্দ ডট কম অনুষ্ঠানে তারকা শিল্পীরা এসব কথা বলেন। প্রতিবারের মতো এবারও তারকা শিল্পীদের অংশগ্রহণে এটিএন বাংলা আয়োজন করেছে ঈদ আনন্দ ডট কম। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী—ফাহমিদা নবী, বালাম, নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অভিনেত্রী মিমো, শাহানাজ খুশী, নাট্য নির্মাতা বৃন্দাবন দাস ও মডেল আজরা মাহমুদ। অতিথিরা গল্পে গল্পে ঈদের নানা আয়োজন, ছোটবেলার ঈদ, সাধারণ মানুষের ঈদ আনন্দ, ঈদে গানের অ্যালবাম রিলিজ, টিভি চ্যানেলে ঈদ নাটক, বিজ্ঞাপন বিরতি, ভিডিও পাইরেসি ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি ঈদের চাঁদ রাতে এটিএন বাংলায় রাত ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে।