ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এবার ‘ছোট কাকু’ বাস্তবে এসে দাঁড়াল তাদের পাশে। ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের গায়ে তুলে দিল টি-শার্ট, হাতে তুলে দিল চিনি-সেমাই। গতকাল ৬ আগস্ট সকালে চ্যানেল আই চত্বরে এসব শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন ‘ছোট কাকু’ চরিত্রের স্রষ্টা মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জনপ্রিয় নির্মাতা-অভিনেতা ছোটকাকু আফজাল হোসেন, আনন্দ আলো সম্পাদক রেজানূর রহমান, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম প্রমুখ। পরে ঘোড়া গাড়িতে করে ছোটকাকুর পক্ষে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ এবার আসছে টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন নির্মাণ ও অভিনয় করেছেন এ ধারাবাহিকটিতে নাম ভূমিকায়। এই প্রথম কিশোরদের জন্য এ ধারার নাটক এ দেশে কোনো টেলিভিশনে উপস্থাপিত হচ্ছে। এর নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। এ ধারাবাহিকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ। ‘ছোট কাকু’ প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের চাঁদরাত থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
