অতিথি বিচারক অনন্ত-বর্ষা

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২০:১১
প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’তে অংশ নিলেন সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র জুটি অনন্ত-বর্ষা। দেশের সবচেয়ে বড় এবং একমাত্র আন্তর্জাতিক মিউজিক্যাল রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর সেলিব্রেটি অতিথি বিচারক হিসেবে অংশ নিলেন তারা। সঙ্গে ছিলেন মূল চার বিচারক ফেরদৌসী রহমান, আইয়ুব বাচ্চু, অ্যান্ড্রু কিশোর ও মেহরীন। ‘বাংলাদেশি আইডল’-এর গেল আসরে সেরা ২৪ জন প্রতিযোগী চূড়ান্ত হলো বিচারকদের বিচারে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘বাংলাদেশি আইডল’-এর ‘ওয়ার্কশপ’ রাউন্ডের প্রথম পর্ব সাজানো হয়েছে একটু বিশেষভাবেই। সম্প্রতি ‘ওয়ার্কশপ রাউন্ডের প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়। এ পর্বে অতিথি সেলিব্রেটি বিচারক অনন্ত ও বর্ষা বাংলাদেশি আইডলের সেরা ২৪ সংগীত প্রতিভার সঙ্গে আনন্দ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন শুটিংয়ে। এ বিশেষ পর্বটি প্রচার হবে ৯ আগস্ট। এ পর্বে সেলিব্রেটি বিচারক অনন্ত ঘোষণা দেন, তিনি ‘বাংলাদেশি আইডল’ সেরা ২৪ জনকে সঙ্গে নিয়ে ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে একসঙ্গে উপভোগ করবেন।