রাজনীতির সঠিক পথে বঙ্গবন্ধুকে পরিচালিত করেছেন বেগম মুজিব

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:৪৪
বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বদাই রাজনীতির সঠিক পথে পরিচালিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি যে কোন কঠিন মুহূর্তে বঙ্গবন্ধুকে তার রাজনৈতিক আদর্শের প্রতি দৃঢ় থাকতে উত্সাহিত করতেন। দিনটি উপলক্ষে নগরীর বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। মানিক মিয়া পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট সাজাওয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম আশরাফুন্নেসা মোশারফ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল প্রমুখ। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা প্রসঙ্গে বেগম মুজিব ছিলেন আপসহীন। মধ্যবিত্ত পরিবারের বেগম মুজিব কখনও বিলাসবহুল জীবন-যাপন করেননি বরং নিজের ও পরিবারের সম্পদ থেকে দলের দুস্থ সদস্যদের সহায়তা দিতেন।