খুলনা থেকে অপহূত ব্যবসায়ী আমিনুল ইসলাম সাগরকে র্যাব ঢাকার বনশ্রীর একটি বাড়ি থেকে উদ্ধার করেছে। এসময় র্যাব তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৯৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
র্যাব-৩ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি আনিসুর রহমান জানান, আমিনুল ইসলাম সাগরকে গত ২৯ জুলাই খুলনা থেকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছ থেকে নিয়মিত মুক্তিপণ দাবি করে আসছিলো। হুমকি-ধমকি দিয়ে তারা আমিনুলের পরিবারের কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করে। গত শনিবার এ অভিযোগটি র্যাবের কাছে আসে। রবিবার রাতে র্যাব পূর্ব রামপুরার বনশ্রী এলাকার ২৬৭/২ নম্বর বাসার অষ্টম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আকবর হোসেন, আনোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন। তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এছাড়া তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, ১টি ল্যাপটপ, ক্যামেরা, ১০টি শিকল, ১০টি মোবাইল ফোনসহ মুক্তিপণের ৪৪ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।
