কড়াকড়ির মধ্যেও জাল টাকার ছড়াছড়ি

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:৪৫
ব্যাপক কড়াকড়ির পরও বাজারে জাল নোটের ছড়াছড়ি। জাল নোট প্রস্তুতকারী কয়েকটি চক্র ঈদকে সামনে রেখে এসব নোট বাজারে ছেড়েছে। গতকাল র্যাব-১০ ডেমরা থেকে ১৮ লাখ জাল টাকার জালনোট ও তা তৈরির সরঞ্জামাদিসহ মোহাম্মদ রাব্বি নামে জাল টাকার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-১০ এর ধলপুরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এই চক্রটি ঈদে কয়েক কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে। র?্যাব-১০ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল ইমরান ইবনে আবদুর রউফ বলেন, আটক রাব্বি একজন পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তিনি নিজে জাল টাকা তৈরি করে কমিশনের ভিত্তিতে লোকজন দিয়ে তা বাজারে সরবরাহ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ১০-১২ হাজার টাকায় এক লাখ টাকার জালনোট সরবরাহ করে থাকেন। ডেমরার একটি ভাড়া বাসায় তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছিলেন। কয়েক সেকেন্ডেই চার হাজার টাকার প্রিন্ট করা সম্ভব। ১০০ টাকার আসল নোটের ওপরই ৫শ’ ও হাজার টাকার নোটের প্রিন্ট করা হয়। এতে আসল-নকল চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে। র?্যাব-১০ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি ফজলে রাব্বি বলেন, সোমবার সন্ধ্যায় ডেমরার ডগাইর বাজার থেকে ১ লাখ টাকার জালনোটসহ রাব্বিকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে, তারই ভাড়া বাসা থেকে আরও ১৭ লাখ টাকার জালনোট, বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, জালনোট তৈরির মেশিন, একটি ল্যাপটপ, চারটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, চারটি সিডি, ১০২টি প্রিন্টারের কালি, ১১১ বান্ডেল টাকার নিরাপত্তা সুতা, ১৭ বোতল রঙ ও ৭টি জালনোট তৈরির ডায়াস উদ্ধার করা হয়। এর আগে মোহাম্মদ রাব্বি কয়েক কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে বলে র্যাবের কাছে জানিয়েছে।