ইংল্যান্ড সফরে গতকাল সাউদাম্পটনে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে হ্যাম্পশায়ারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ সময় দুপুর পৌনে চারটায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২২৪ রানের টার্গেট দিয়েছে হ্যাম্পশায়ার।
প্রথমে ব্যাট করতে নেমে লিয়াম ডওসনের ৯৭ রানের কল্যাণে ৪৯ ওভার ১ বলে ২২৩ রান করে হ্যাম্পশায়ার। এছাড়া ওপেনার মাইকেল রবার্টস ও দিমিত্রি মাসকেরানহাস ৩৫ করে রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, ফরহাদ রেজা ও সোহাগ গাজি।
মাঝারি রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে খুব একটা সন্তোষজনক অবস্থাতে নেই বাংলাদেশ ‘এ’ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ১০ ওভারে মাত্র ১৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ৫ রানে ক্রিজে আছেন ওপেনার এনামুল হক বিজয়। তার সঙ্গী মমিনুল হকের সংগ্রহ ২ রান। আউট হয়ে গেছেন আরেক ওপেনার ইমরুল কায়েস (৬) ও অধিনায়ক জহুরুল ইসলাম অমি (১)।
এর আগে অধিনায়ক জহুরুল ইসলাম অমির নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল গত ৩ আগস্ট ইংল্যান্ডে পৌঁছে। তিন সপ্তাহের এই সফরে বাংলাদেশ ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, নটিংহ্যামশায়ার ও উস্টারশায়ারের সাথে খেলবে বাংলাদেশ। এরপর দলটি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।
