ওপেনার নাসির জামশেদ ও পেসার মোহাম্মদ ইরফানকে ছাড়াই জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাদ পড়েছেন শোয়েব মালিক। এছাড়া কোন দলেই জায়গা হয়নি উইকেটরক্ষক কামরান আকমলের।
পাকিস্তান দু’টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। ২৩ আগস্ট হারারেতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সফরটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড গতকাল মঙ্গলবার এই সফরের জন্য টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে। সাবেক অধিনায়ক মঈন খান এই সফরে দলটির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। জামশেদের জায়গায় নতুন করে টেস্ট দলে ডাক পেয়েছেন খুররাম মনজুর। এ বছরের শুরুতে টেস্টের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের ৩-০ হারে জামশেদ কেবল ৫১ রান করেন। অপরদিকে ২৭ বছর বয়সী মনজুর নিজের সাত টেস্টের সর্বশেষটিতে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরকাড়া ৭৭ রান করার পরও পাকিস্তান দলে ঠাই পাননি। শুধু তাই নয় মাঝের সময়ে ঘরোয়া ম্যাচগুলোয় ভাল করেও নির্বাচকদের আনুকল্য পাননি তিনি। এছাড়া ইমরান ফারহাত ও ফয়সাল ইকবাল দলে জায়গা অব্যাহত রেখেছেন। তবে তৌফিক ওমর বিবেচিত হননি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচাইতে লম্বা ব্যক্তি হিসেবে ক্রিকেট খেলা মোহাম্মদ ইরফানকে টেস্টে বিশ্রাম দেয়া হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। এমনটা করার কারণ এ বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজটির জন্য তাকে তরতাজা রাখা।
গেল বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফর করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ওই সফরটি বাদ দিয়ে হঠাত্ করেই ভারতের মাটিতে খেলতে যায় পাকিস্তান দল। ফলে সাময়িকভাবে জিম্বাবুয়ে সফর স্থগিত করে পাকিস্তান। সেই সফরটিই এখন চলতি মাসে শুরু হতে যাচ্ছে।
টেস্ট দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, খুররম মনজুর, ইমরান ফারহাত, আসাদ শফিক, ইউনিস খান, আজহার আলী, ফয়সাল ইকবাল, আদনান আকমল, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, এহসান আদিল, রাহাত আলী, সাইদ আজমল, আব্দুল রেহমান।
ওয়ানডে দল: মিসবাহ-উল- হক (অধিনায়ক), নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, উমর আকমল, উমর আমিন, হারিস সোহেল, শহিদ আফ্রিদি, সাইদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, আসাদ আলী, আনোয়ার আলী, আব্দুল রেহমান।
টি-টোয়েন্টি দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, উমর আমিন, উমর আকমল, শোয়েব মাকসুদ, সাইদ আজমল, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, জুলফিকার বাবর, আসাদ আলি, আনোয়ার আলি, হারিস সোহেল।
-বাসস
সফর সূচী
২৩ আগস্ট ১ম টি-টুয়েন্টি হারারে
২৪ আগস্ট ২য় টি-টুয়েন্টি হারারে
২৭ আগস্ট ১ম ওয়ানডে হারারে
২৯ আগস্ট ২য় ওয়ানডে হারারে
৩১ আগস্ট ৩য় ওয়ানডে হারারে
৩-৭ সেপ্টেম্বর ১ম টেস্ট হারারে
১০-১৪ সেপ্টেম্বর ২য় টেস্ট বুলাওয়ে
