আর দশটা প্রস্তুতি ম্যাচের মতোই একটা ম্যাচ; প্রাক মৌসুম প্রস্তুতিমূলক একটি টুর্নামেন্টের ফাইনাল। সাধারণ চোখে দেখলে গুরুত্বপূর্ণ কোন শিরোপা নয়। কিন্তু ফুটবলীয় রোমাঞ্চে যাদের চোখ থাকে তাদের কাছে এই ম্যাচের গুরুত্বটা আসলেই অন্যরকম। যুক্তরাষ্ট্রে আজ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও চেলসি। তবে দুটি বড় দলের লড়াই ছাপিয়ে ম্যাচটি মূলত দুই কোচের লড়াই। আর এই লড়াই তাদের কোন ব্যক্তিগত লড়াই নয়। কোচদ্বয় লড়বেন নিজেদের সাবেক ক্লাবের বিপক্ষে।
দুই মাস আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে মরিনহো লন্ডন ক্লাবটিতে দ্বিতীয়বারের মত যোগ দেন। এর আগে ২০১০ সাল থেকে শুরু করে গত জুন মাস পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই ছিলেন মরিনহো। এ নিয়ে ৩২ বারের মত স্প্যানিশ জায়ান্টরা ইংলিশ ক্লাব চেলসির ক্লাবটির মুখোমুখি হবে। রবিবারের ম্যাচ শেষে অনেকটা কৌতুক করেই মরিনহো বলেন, ‘মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ এ টুর্নামেন্ট খেলতে পারছে; কারণ আমি তাদের এখানে (যুক্তরাষ্ট্র) আসার ব্যবস্থা করেছিলাম। আমি অনেক বেশি পেশাদার। তখনো আমি নিশ্চিত ছিলাম না যে আগামী মৌসুমে আমি তাদের সাথে থাকবো কি না। তাই আমি আগেই প্রাক মৌসুম প্রস্তুতির সময়সূচি ঠিক করে রেখেছিলাম।’ আর শুধু মরিনহো নয়; একই অভিজ্ঞতার সামনে পড়তে হবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো অ্যানচেলত্তিকে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত চেলসির প্রধান কোচ ছিলেন এ ইতালিয়ান। প্রথম মৌসুমেই ব্লুজদের প্রিমিয়ার লিগ আর এফএ কাপের শিরোপা এনে দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। আজ মিয়ামিতে তাই ম্যাচের মধ্যে সাবেক দুই ক্লাবের মধ্যেও চলবে অন্যরকম এক লড়াই।
গত মৌসুমে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের কোচ ছিলেন অ্যানচেলত্তি। দলটিকে এনে দিয়েছেন ফরাসি লিগের শিরোপা। আর এই রিয়াল মাদ্র্রিদ মরিনহোকে বিদায় করে দেয়ার পর তার স্থলাভিষিক্ত হন কার্লো অ্যানচেলত্তি।
ম্যাচের আগের দিন গতকাল মঙ্গলবার চেলসি দলের ডিফেন্ডার ব্রানিস্লেভ ইভানোভিচ ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, ‘এই মুহূর্তে দুটি ক্লাবের মধ্যেই অনেক দিক থেকে মিল রয়েছে। তাই ম্যাচটি অনেক আনন্দদায়ক হবে বলেই আশা করছি। আর সত্যি কথা হল, ফুটবলে প্রীতিম্যাচ বলতে আসলে কিছু নেই। নতুন মৌসুম শুরু হওয়ার আগে দুটি ক্লাবের জন্যই এটা হবে বড় এক পরীক্ষা।’
প্রাক মৌসুম প্রস্তুতিতে এই পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। আর চারটাতে সহজ জয়ের পাশাপাশি একটি গোলও হজম করতে হয়নি তাদের। নতুন কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে গত মৌসুমে শিরোপা ক্ষরা কাটিয়ে ওঠার প্রত্যয় শোনা গেল দলের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে, ‘আমরা নতুন কোচকে নিয়ে অনেক খুশি। তিনি দলকে নিয়ে অনেক কাজ করছেন। আশা করি আমরা একটি ভাল মৌসুম কাটাতে যাচ্ছি। খেলোয়াড়দের সাথে কোচের বন্ধুসুলভ আচরণ সত্যি চোখে পড়ার মতো। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
আজ রিয়ালের জয় পেতে হলে নিজেদের আগের পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে হবে। কারণ এখন পর্যন্ত চেলসির বিপক্ষে একটি ম্যাচেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।
