ঈদের আনন্দের সাথে প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। দর্শকরাও অধীর আগ্রহে ঈদের সময় অপেক্ষা করেন ‘ইত্যাদি’ দেখার জন্য। কারণ কোনো নির্দিষ্ট বয়স বা শ্রেণীর জন্য নয়। ছোট থেকে বড় সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষের জন্যই ‘ইত্যাদি’।
আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’ তার মূল অনুষ্ঠান ধারণ শুরু করেছে গত দুই যুগ ধরে। স্টুডিওর চার দেয়ালের মধ্য থেকে অনুষ্ঠানকে বাইরে নিয়ে এসে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছে ‘ইত্যাদি’র টিম। আনন্দের কথা এখন অনেকেই ‘ইত্যাদি’র এই আদর্শকে অনুসরণ করে ঢাকার বাইরে অনুষ্ঠান করার উদ্যোগ নিচ্ছে, পাশাপাশি ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছে যা শুভ লক্ষন। অন্যান্য পর্বগুলো ঢাকার বাইরে হলেও এবারও ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারেও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’ এই গানটি দিয়ে। এবারের ঈদ ‘ইত্যাদি’তে গান গেয়েছেন এ্যান্ড্রু কিশোর। গানটির চিত্রায়নে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা-মাহফুজ, তারিন, অপূর্ব ও অহনা। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর।
