ঈদে ‘শুধু একটা মিনিট’

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৪৯
এই ঈদে জিটিভিতে প্রচার হবে সময়ের জনপ্রিয় তারকাদের নাটক ‘শুধু একটা মিনিট’। এতে সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজলের পাশাপাশি অভিনয় করেছেন নওশীন ও জাকিয়া বারী মম। শুধু তাই নয়, এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শহীদ। এদের সবার থেকে অভিনয়ের মান-গুন ও জনপ্রিয়তায় সজল এগিয়ে থাকলেও গল্পটি সাজানো হয়েছে সবার জন্য সমান প্লট তৈরি করে। নাটকটি জিটিভির ঈদ আয়োজনের ২য় দিন বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে। এর গল্পে দেখা যাবে—শহরের জনপ্রিয় আরজে শোভা। তার কথার জাদুতে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। সারাক্ষণ মাইক্রোফোনে কথার ট্রেন ছোটালেও বাস্তবিক বেশ চুপচাপ, শান্ত শোভা। ঠিক যেন বিপরীত। তুলনায় শোভার এক বছরের বড় বোন নিভা কথায় পটু। সারাক্ষণ বোনের সঙ্গে এটা সেটা বলে অস্থির করে ফেলে বড় বোন নিভা। বেশ আমুদে, মজার মানুষ নিভা। ওদিকে তারকা আরজে শোভার ভক্ত তালিকায় সবচেয়ে বড় ভক্ত সোহান সজল। শোভা জানে, সোহান তার জন্য পাগল। তবে সে খুব একটা পাত্তা দেয়না। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটির রচনা করেছেন রুম্মন রশীদ খান এবং পরিচালনা করেছেন জিয়া উদ্দিন আলম।