সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বের কারণে ঈদের ছুটিতে ফুটবলারদের ক্যাম্পে বন্ধ থাকার কথা ছিল না। ঈদের দিন অনুশীলন না হলেও সবাইকে ক্যাম্পে থাকতে হবে। কিন্তু সেটা হচ্ছে না। আজ সকালে অনুশীলন শেষে ছুটি হয়ে যাবে ক্যাম্প। ৪৮ ঘণ্টার ছুটি পাচ্ছেন খেলোয়াড়রা। শুক্রবার ঈদ হলে শনিবার রাতে খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন। তাতে ৪৮ ঘণ্টার ছুটি পাচ্ছেন খেলোয়াড়রা। আর যদি রোজা একটা বেশি হয় তাহলে তো ছুটিও বেড়ে যাবে।
পাকিস্তান ফুটবল দল ১২ আগস্ট দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছাবে। দু’টি প্রীতি ম্যাচ খেলতে আসছেন পাকিস্তান। প্রথম ম্যাচটি হবে ১৩ আগস্ট। পাকিস্তানের প্রতিপক্ষ বাফুফে একাদশ। একাদশ নামে খেললেও এই দলে মূল জাতীয় দলের খেলোয়াড়দের দেখা যেতে পারে। ১৬ আগস্ট শুক্রবার পাকিস্তান খেলবে বাংলাদেশ ফুটবল দলের বিরুদ্ধে। জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে চলে গেছেন জার্মান প্রবাসী রিয়াসাত। আগে শোনা গিয়ে ছিল তিনি ছুটিতে যাচ্ছেন। এখন জানা গেছে তাকে ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ দেশে ফিরে যেতে বলেছেন। রিয়াসাতকে কিছু হোমওয়ার্ক দিয়েছেন। কয়েক দিন সময়ও দিয়েছেন। পূর্ণ করতে পারলে দলে ফিরতে পারবেন না হয় রিয়াসাত আসবেন না। রিয়াসাতকে জাতীয় দল আশা করছে না। থাকছেন শুধু ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। সাফে যাওয়ার আগপর্যন্ত তিনিও থাকবেন কড়া নজরে।
