নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আইজিপি

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৩
আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এসবির অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ গতকাল বুধবার ঈদ নিরাপত্তা ব্যবস্থা ও দূরপাল্লার বাস যাত্রীদের গমনাগমন সরেজমিনে পরিদর্শন করেন। তারা এ সময়ে বসুন্ধরা সিটি মার্কেট, রাপা প্লাজা ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। রাপা প্লাজা ও বসুন্ধরা মার্কেটে তিনি বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ক্রেতা সাধারণের কাছে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। ক্রেতাগণ সার্বিক নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও বসুন্ধরা সিটি মার্কেট ও রাপা প্লাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ মাননীয় আইজিপিকে নিরাপত্তার বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর আইজিপি গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং যাত্রী সাধারণের কাছে হয়রানি, চাঁদাবাজির বিষয়ে জানতে চান। যাত্রীগণ পুলিশি নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন এবং তারা কোনরূপ হয়রানি বা চাঁদাবাজির স্বীকার হচ্ছেন না মর্মে আইজিপিকে অবহিত করেন। এরপর তিনি পুলিশের সাব-কন্ট্রোলরুমে গিয়ে পুলিশ সদস্যদের কাছে টার্মিনালের নিরাপত্তার বিষয়ে অবহিত হন। - প্রেস বিজ্ঞপ্তি