ঈদে যাত্রী দুর্ভোগ লাঘবে নৌপথে নেমেছে শতাধিক স্পেশাল লঞ্চ সার্ভিস। লঞ্চ মালিকরা বলছেন, যাত্রী দুর্ভোগ লাঘব এবং ঈদ ভ্রমণকে আরামদায়ক করতেই অতিরিক্ত লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে।
নতুন লঞ্চের মধ্যে পুবালী-১, রেডসান-৫, সুন্দরবন-৯, কুয়াকাটা-১, সাত্তার খান, টিপু-৭, অভিযান-৫, বে-ক্রুজার, প্রিন্স আওলাদ-৪ ও সম্রাট-২ এবার ঈদে যাত্রী পরিবহন করছে। এছাড়া এমভি ফারহান ৩ ও ৪ নামে দুটি লঞ্চ ২৭ রমজান থেকে চালু করা হয়েছে বলে জানান টিপু লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন।
লঞ্চের অগ্রিম টিকেট সম্পর্কে তিনি বলেন, লঞ্চতো আর বাস ও ট্রেনের মতো নয়। লঞ্চের টিকেট কাটা হয় যাত্রী লঞ্চে ওঠার পর। শুধু কেবিনের জন্য একদিন আগে সংশ্লিষ্ট লঞ্চের কাছে আসলেই হয়। তবে একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, লঞ্চের আগাম টিকেট বলতে কিছু নেই। আর ঈদের আগে কেবিনের টিকেটও পরিচিত না হলে পাওয়া মুশকিল।
রাজনৈতিক দলের স্থানীয়-নেতাকর্মী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছাড়াও প্রভাবশালীদের জন্য কেবিনের টিকেট আগেই বুক হয়ে থাকে। সাধারণ যাত্রীদের ভাগ্যে কেবিনের টিকেট জোটে কম। এদিকে ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির রকেট স্টিমারের আগাম টিকেট দেয়া শুরু হয়েছে ৪ আগস্ট থেকে। বাদামতলী ও দিলকুশার রকেট রিজার্ভেশন শাখায় টিকেট পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বলেন, আগে থেকে অনেকেই কেবিন বুক করছেন। তিনি জানান, পাঁচটি স্টিমারের সঙ্গে ঈদে স্টিমার সোনারগাঁও যাত্রী সেবায় যোগ দেবে। ৬ আগস্ট থেকে ‘স্পেশাল সার্ভিস’ চালু হয়েছে জানিয়ে মিশা বলেন, এই সেবা থাকবে ঈদের পরের দশদিন পর্যন্ত।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামছুদ্দোহা খন্দকার ইত্তেফাককে বলেন, যাত্রী দুর্ভোগ লাঘব এবং নৌ ভ্রমণকে আরামদায়ক করতেই অতিরিক্ত লঞ্চ নৌ-পথে নামানো হয়েছে। তিনি বলেন, যাত্রী নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়ন নিয়োগ করা হয়েছে। একইসাথে প্রতিটি লঞ্চে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। বিআইডব্লিউটিএ নিজস্ব ব্যবস্থায় পঁচিশটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশ-র্যাবসহ অন্যান্য বাহিনী নেমেছে নৌ-নিরাপত্তায়।
বিআইডব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সোলায়মান জানান, দেশের দক্ষিণাঞ্চলে ৩৯টি রুটে প্রায় দুই শতাধিক লঞ্চ চলে। এবার যাত্রী দুর্ভোগ কমাতে শতাধিক লঞ্চ ঈদের স্পেশাল সার্ভিস দিচ্ছে।
