বেলকে ধরে রাখার আশা ছাড়ছে টটেনহ্যাম!

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৮
তাহলে কি লা লিগায় খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে গ্যারেথ বেলের? টটেনহ্যাম হটস্পারের কাজের ধরনে সেটাই মনে হচ্ছে! নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে এই তারকার ছবি। দুইয়ে দুইয়ে চার মেলালে দাঁড়াচ্ছে যা, সেটা হল দ্রুতই স্পেনে যাচ্ছেন বেল। সেটা সত্যি হোক কিংবা না হোক, অন্তত ব্রিটিশ গণমাধ্যম তাকে এরই মধ্যে রিয়াল মাদ্রিদে দেখে ফেলেছে। আর গণমাধ্যমের এমন অনুমানকে আরও জোরদার করছে স্পার্টস ক্লাবটির পরিচালক স্যার কিথ মিলস। তিনি জানিয়েছেন, বেলকে আটকানোর কোন উপায় তাদের সামনে নেই। ক্লিন্ট ডেম্পসি টটেনহ্যাম ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব সিয়াটল সাউন্ডার্সে। তাই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ড বদলানো ছাড়া অন্য কোন উপায় ছিল না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সামনে। আর এর সাথে ক্লাব কর্তৃপক্ষ বেলের ছবিও সরিয়ে নিয়েছে। সেখানে এখন শোভা পাচ্ছে অ্যারিয়ন লেনন আর মউসা ডেম্বেলের ছবি। যদিও ছবি পরিবর্তনের সাথে বেলের দল বদলের কোন সম্ভাবনা নেই বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্লাবের একজন মুখপাত্র বলেন, ‘প্রায়ই ছবি পরিবর্তন করা হয়। এবার ক্লিন্ট ডেম্পসি ক্লাব বদলালেন বলে করা হয়েছে। এখানে বেলকে জড়ালে ভুল হবে।’ কিন্তু সত্যিই যে, টটেনহ্যাম বেলের আশা ছেড়ে দিয়েছে সেটা বোঝা গেল ক্লাবের পরিচালক কিথ মিলসের কথায়। ৬৩ বছর বয়সী এই ভদ্রলোক গণমাধ্যমকে বলেন, ‘কোন খেলোয়াড় যদি ক্লাব ছাড়ার জন্য উঠে-পড়ে লাগে, তাহলে তাকে ধরে রাখার সাধ্য কারও নেই। কাউকে জোর করে ধরে রাখা খুব কঠিন। অন্যান্য ক্লাবেও এমনটাই দেখা যায়। যদি যে চুক্তির মধ্যেও থাকে, তবুও তাকে জোর করে খেলানো যায় না।’ গত মঙ্গলবার সকার সাড়ে দশটার দিকে টটেনহ্যামের অনুশীলনে যোগ দেন বেল। যদিও স্প্যানিশ পত্রিকা এএস বেলের এজেন্ট জোনাথন বার্টলেটের বরাত দিয়ে বলেছিল, কোচ আন্দ্রে ভিলাস বোয়াস বেলের গায়ে ‘নট ফর সেল’ সিল লাগানোয় অনুশীলন করবেন না গত মৌসুমে ক্লাবের হয়ে ২৬ গোল করা এই খেলোয়াড়। গত ১৬ জুলাই সুইডেনের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে শেষ টটেনহ্যামে জার্সি গায়ে দেখা যায় বেলকে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ইনজুরি কারণে দলের সাথে হংকং সফরের যাননি তিনি। হাঁটুর সমস্যার কারণে মিস করেন মোনাকোর বিপক্ষে ম্যাচ। গত সপ্তাহে নয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি বেলের জন্য রিয়ালের দর কষাকষির ব্যাপারটা স্বীকার করেন। গত গ্রীষ্মে লুকা মড্রিচকে টটেনহ্যাম থেকে আনতে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। অনেক কলহ বিবাদের পর শেষ পর্যন্ত ৩৩ মিলিয়ন পাউন্ডে রিয়ালে পাড়ি জমান মড্রিচ। আর আগের সেই অভিজ্ঞতা থেকেই কি না, টটেনহ্যাম সভাপতি ড্যানিয়েল লেভির মন গলাতে এবার রেকর্ড দর নিয়েই মাঠে নেমেছে তারা। এদিকে, ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের সাথে আলোচনায় বেলকে ছাড়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন টটেনহ্যামে সভাপতি ড্যানিয়েল লেভি। আর শোনা যাচ্ছে সব ঠিক থাকলে ৮৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে শীঘ্রই রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ওয়েলসের এই তারকা। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে আরও দুই মিলিয়ন পাউন্ড দর বাড়াতে হবে। আবার এও শোনা যাচ্ছে যে, ট্রান্সফার ফি’র সাথে রিয়াল স্ট্রাইকার অ্যালভ্যারো মোরাতাকে চাচ্ছে হোয়াইট হার্ট লেনের ক্লাবটি। সে যাই হোক; একটা ব্যাপার মোটামটি নিশ্চিত যে, বেলকে আর ধরে রাখা হচ্ছে না টটেনহ্যামের।