রোনালদোর জন্য হুমকি?

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৯
‘তার আছে অবিশ্বাস্যভাবে শট নেয়ার ক্ষমতা, অসাধারণ গতি, শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানোর আশ্চর্য ক্ষমতা। তাই যদি মেসি আর রোনালদোকে ভুলে যান তাহলে বেলকে শীর্ষে রাখতেই হবে। তার সাথে জড়িত সংখ্যাগুলো যখন আমি দেখি তখন মনে হয় তার প্রতি যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তার সবটাই আসলে উসুল হচ্ছে।’ সত্যি জহুরি জহুর চিনেন। দলবদলের এখন যে অবস্থা তাতে সব ঠিক থাকলে রেকর্ড দরে রিয়াল মাদ্রিদে আসতে যাচ্ছেন গ্যারেথ বেল। আর সেক্ষেত্রে বেল পিছনে ফেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ২০০৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়ালে আসেন এই পর্তুগীজ। তাই ট্রান্সফার ফি’র লড়াইয়ে রোনালদোর জন্য এক বড় হুমকি এখন বেল। আর রোনালদোর জন্য সঙ্কট এখানেই শেষ হচ্ছে না। বেল আসলে রোনালদো আর ক্লাবে রাখা হবে কি-না সে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আর বাতাসে গুঞ্জন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রোনালদো। রোনালদোকে ফিরে পেতে রিয়ালকে ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা। আর সিআর সেভেন নাকি তাতে রাজি। রিয়ালের চুক্তি নবায়নের প্রস্তাব আবারও ফিরিয়ে দিয়েছেন তিনি। এ জন্যই নাকি ট্রান্সফার ফি’র নতুন বিশ্বরেকর্ড গড়ে গ্যারেথ বেলকে দলে ভেড়াতে যাচ্ছে রিয়াল। ‘ডেইলি মিরর’ জানিয়েছে, ১০৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে সমঝোতায় পৌঁছেছে রিয়াল ও টটেনহ্যাম। এ সপ্তাহেই রিয়ালে যোগ দিতে পারেন বেল। তখন রোনালদো হারালেও পানিতে পড়বে না রিয়াল। মূলত রোনাল্ডোর বিকল্প হিসেবে বার্নাবুতে আসছেন বেল। সমপ্রতি এক সংবাদ সম্মেলনে রিয়ালের সাথে চুক্তি নবায়নের সম্ভাবনা উড়িয়ে দিয়ে রোনালদো বলেন, ‘এখন আমি কোন কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। শুধু সব সময়ের মতো নিজের কাজটা ঠিকভাবে করে যেতে চাই।’ রোনালদোর রিয়াল ছাড়ার সম্ভাবনাকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ সাবেক রিয়াল সভাপতি র্যা মন ক্যালদেরন ইঙ্গিত দিয়েছেন, রোনালদোকে হারানোর শংকা থেকেই বেলের জন্য এতটা মরিয়া ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল সভাপতির সঙ্গে রোনালদোর সম্পর্কে ফাটল ধরেছে। ক্যালডেরনের দাবি, ‘আমি জানি সভাপতির সব আচরণ ও কর্মকাণ্ডে খুশি নয় রোনালদো। প্রতি মৌসুমে সে ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক চায়। এমন চাহিদা পূরণ করা রিয়ালের জন্যও কঠিন। আমার ধারণা এ জন্যই সব ধরনের বিকল্প হাতে রাখতে চান ক্লাব সভাপতি। যাতে ক্রিশ্চিয়ানো চুক্তি নবায়ন না করলেও পরিস্থিতি সামাল দেয়া যায়। পেরেজ ভয় পাচ্ছেন। কোনো এক সময় রোনালদো হয়তো না বলে দেবে। মাদ্রিদের জন্য তা হবে খারাপ খবর। সে রিয়ালে অবসর নিলে আমি খুশি হব। কিন্তু পরিস্থিতি অন্যরকম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে সে এখানে থাকবে কি-না।’ নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি এসেই রিয়ালের ফর্মেশনে হাত দিয়েছেন। কিন্তু তাতে রোনালদোর জায়গার কোন পরিবর্তন হয়নি। আর বেল এলেও রোনালদোর জায়গা স্থির থাকবে বলে ইতালিয়ান কোচ আশ্বস্ত করেছেন। কিন্তু রোনালদো যেন ঠিক ভরসা পাচ্ছেন না। তাই নতুন কোচের অধীনে নিজের ভবিষ্যত্ নিয়েও নিশ্চিত নন তিনি, ‘আমার ভবিষ্যত্? সত্যি কথা বলতে আমি কিছুই জানি না। এই মুহূর্তে আমি রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়। কিন্তু এরপর কি হবে, সেটা আমার জানা নেই! তাহলে কি সত্যি বেলকে নিজের জন্য হুমকি মানছেন রোনালদো?