পাল্টা অভিযোগ করলো ফোরাম

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০১
একদিকে নাজমুল হাসান পাপন যখন বলছেন, তিনি ক্রিকেটে ফোরামের ‘অশুভ তত্পরতার বিপক্ষে যুদ্ধ করবেন; আরেকদিকে ফোরাম নেতারা গতকাল সন্ধ্যাতেই তার বিপক্ষে পাল্টা সব অভিযোগ করে মানহানির মামলা করার হুমকি দিয়ে দিলেন। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথার প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের পরিষদ ফোরামের সভাপতি ইউসুফ জামিল বাবু জোর গলায় বললেন, ‘আমি ওনার বিপক্ষে মানহানির মামলা করবো। ওনাকে কোর্টেই বলতে হবে যে, ফোরাম কোথায় নির্বাচন নিয়ে টাকার খেলা করে?’ ফোরাম নেতাদের সঙ্গে নির্বাচন উপলক্ষে অনেকদিন ধরেই বিসিবি সভাপতির সঙ্গে কথার লড়াই চলছে। গতকাল সে লড়াইয়ের একটা বিস্ফোরণপর্ব ঘটালেন পাপন। পাপনের কথাবার্তা টেলিভিশনে প্রচার হওয়ার পরপরই ফোরাম নেতারা উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু পাল্টা অভিযোগ করে বললেন, ‘উনি নিজেদের অপকর্ম ঢাকতেই এসব কথা বলছেন। আমরা পত্রপত্রিকাতেই দেখেছি, টেন্ডার ছাড়া একটার পর একটা কাজ করে কোটি কোটি টাকার হরিলুট করছে এখন বিসিবি। ওনারা এসব বিষয় ঢাকতেই আমাদের নামে এসব অভিযোগ করছেন।’ ফোরাম মূলত বেশি চটেছে তাদের নামে টাকার এই খেলার অভিযোগ ওঠায়। মিকু বলছেন, টাকা হাতানোর সুযোগই নাকি নেই। আগেও এমন ঘটেনি বলে দাবি করছেন তিনি, ‘এখন বিসিবির যে নির্বাচন পদ্ধতি, তাতে টাকা হাতানোর সুযোগটা কোথায়? আর বিসিবিসহ বিভিন্ন ফেডারেশনে নির্বাচন তো কম হয়নি। কখনো আমাদের বিপক্ষে এসব কথা বলেছে কেউ?’