হাসলো তামিমের ব্যাট

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০২
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে এসে হাসলো তামিম ইকবালের ব্যাট। যদিও বাংলাদেশি ওপেনার ব্যাটিং পারফরম্যান্সের পরও জিততে পারেনি তার দল সেন্ট লুসিয়া জুকস। দলটির হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৩ রান করেন তামিম। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান করে অ্যান্টিগা হকবিলস। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করতে পারে তামিমের দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন হকবিলসের দেশি তারকা ডেভন থমাস। ১৮ বলে তিন বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে ৩২ রান করে ম্যাচের পার্থক্য তিনিই বদলে দিয়েছেন। ওপেনার জনসন চার্লস ৩০ বলে ৩৬ রানের সেরা ইনিংস খেলেছেন। আরেক ওপেনার কাইরন পাওয়েল খেলেছেন ১৬ বলে ছয় চারে ২৭ রানের ঝড়ো ইনিংস। ১৬৬ রানের লক্ষ্যে নেমে তামিম ও আন্দ্রে ফ্লেচার ঝড়ো ইনিংস খেলতে থাকেন। দলীয় ৬৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মারলন স্যামুয়েলসের শিকার হন তামিম। আগের দুটি ম্যাচে ২২ ও ৮ রানের ইনিংস খেলা এই বাংলাদেশি তারকা খেললেন ৩৯ বলে ৩৩ রানের সেরা ইনিংস।