জুলাইয়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:০৮
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগের পরিমাণ গত জুন মাসের তুলনায় জুলাই মাসে কমেছে। জুলাই মাসে পুঁজিবাজারে নিট বিনিয়োগ হয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৩৪ টাকা। আর গত জুন মাসে নিট বিদেশি বিনিয়োগ হয়েছিল ৩৩৬ কোটি ৫৯ লাখ টাকা। যা ২০১২-১৩ অর্থবছরের মধ্যে ছিল সর্বোচ্চ। অর্থাত্ জুলাই মাসে জুন মাসের চেয়ে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় দেড়শ’ কোটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ে বিদেশি বিনিয়োগ আগের মাসের তুলনায় কিছুটা কমলেও সামপ্রতিক সময়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বেশিরভাগ শেয়ারের দাম কম থাকায় বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারের দিকে ঝুঁকছেন। ফলে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে। এদিকে বিদেশি বিনিয়োগ বাড়াকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাজারে তহবিলের অভাব পূরণে বিদেশি বিনিয়োগ বড় অবদান রাখছে। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে গত জুলাই মাসে ৩২৫ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৪৯৭ টাকার সমপরিমাণ নিট বিদেশি বিনিয়োগ হয়েছে। আলোচিত মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৬৮ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৩১ টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছেন। এর বিপরীতে তারা শেয়ার ক্রয় করেছেন ২৫৭ কোটি ১ লাখ ৫ হাজার ১৬৬ টাকার শেয়ার। সুতরাং জুলাই মাসে পুঁজিবাজারে নিট বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৩৪ টাকা। আর গত জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছিল ৩৯৪ কোটি ৯০ লাখ টাকার। এর বিপরীতে তারা শেয়ার বিক্রি করেছিল ৫৮ কোটি ৩০ লাখ টাকার। ফলে জুনে নিট বিদেশি বিনিয়োগ হয়েছিল ৩৩৬ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৪৭০ টাকা। তথ্যে দেখা গেছে, এপ্রিলের তুলনায় মে মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছিল ১১৬ কোটি টাকা বা ১৩৯ শতাংশ। এপ্রিল মাসে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৮২ কোটি ৯৬ লাখ টাকা। ওই মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১৩০ কোটি ৯১ লাখ টাকা মূল্যের শেয়ার ক্রয় করেন। এর বিপরীতে বিক্রি করেন ৪৭ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের শেয়ার। মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ক্রয় করেন। বিপরীতে তারা বিক্রি করেন ৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। ওই সময় নিট বিদেশি বিনিয়োগ দাঁড়ায় ৯০ কোটি ৫৪ লাখ টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেন ১৭৯ কোটি ৯৩ লাখ টাকার। এর বিপরীতে তারা বিক্রি করেন ৭৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। ফেব্রুয়ারি মাসে নিট বিদেশি বিনিয়োগ হয় ১০৩ কোটি ৫৬ লাখ টাকা। জানুয়ারি মাসে ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিদেশি বিনিয়োগকারীরা ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেন। ওই মাসে নিট বিনিয়োগ ছিল ৯৯ কোটি ৭২ লাখ টাকা।