এবার জ্বললেন তামিম ইকবাল

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:২৫
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান এরই মধ্যে নিজের দাপট দেখালেও তামিম ইকবাল যেন স্বরূপে ফিরতে পারছিলেন না। অনুশীলন ম্যাচে একটা বড় স্কোর করার পর থেকে মূল টুর্নামেন্টে সেভাবে আর রান পাননি। অবশেষে শনিবার জ্যামাইকার বিপক্ষে ম্যাচে জ্বলে উঠলেন তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচে তামিমের ৬২ বলে ৭৫ রানের ইনিংস জ্যামাইকার বিপক্ষে সেন্ট লুসিয়া জুকসের হার এড়াতে পারেনি। ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলের দুই ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটের বড় জয় পেয়েছে জ্যামাইকানরা। ঈদের ছুটির মধ্যে অবশ্য সাকিব-তামিমের আরও একটি ম্যাচ হয়ে গেছে। ঠিক বাংলাদেশে ঈদের আগের দিন, ৮ আগস্ট সেন্ট লুসিয়ায় আবার মুখোমুখি হয়েছিল স্বাগতিক তামিমের দল ও সফরকারী সাকিবদের বারবাডোজ ট্রাইডেন্টস। সে ম্যাচে বাংলাদেশি দুই সুপার স্টারই ছিলেন নিষ্প্রভ। আগের ম্যাচেই ৬ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং করা সাকিব এদিন ২ ওভারে ১৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য; ব্যাট হাতে করেছিলেন ৯ বলে ১২ রান। আর তামিম ব্যাট হাতে সে ম্যাচে ৪ বলে ১ রান করে আউট হয়ে ফিরেছিলেন। পারফরম্যান্সেও তামিম ছিলেন দু’জনের মধ্যে পেছানো; দলের ফলেও তাই। বারবাডোজের ১৭৫ রান তাড়া করতে গিয়ে ৯২ রানে অলআউট হয়েছিল সেন্ট লুসিয়া। ফলে বারবাডোজ ৪ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। এই লেখা যখন পড়ছেন, তখন নিজেদের পঞ্চম ম্যাচও খেলে ফেলেছে বারবাডোজ। আর শনিবারও হারের ফলে তামিমের দল সেন্ট লুসিয়াকে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। শনিবার অবশ্য জয় পাওয়ার মতোই খেলছিল সেন্ট লুসিয়া। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই আন্দ্রে ফ্লেচার ও মিসবাহ-উল হককে হারালেও অন্য প্রান্তে তুমুল আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন তামিম। তৃতীয় উইকেটে হার্শেল গিবসের সঙ্গে ৪৭ ও চতুর্থ উইকেটে ড্যারেন স্যামির সঙ্গে ৫৩ রান যোগ করেন তামিম ইকবাল খান। শেষ পর্যন্ত ৬২ বল খেলে মুরালিধরনের একমাত্র শিকার হয়ে তামিম যখন ফিরলেন, নামের পাশে তার ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৭৫ রানের ইনিংস। কিন্তু তামিম ফেরার পর আর রানের গতিটা ধরে রাখতে পারেনি সেন্ট লুসিয়া। ফলে ৭ উইকেটে ১৪২ রানে আটকে যায় তারা। জবাবে ক্রিস গেইল ৪০ ও আন্দ্রে রাসেল অপরাজিত ৪৭ রান করে মাত্র ৪ উইকেট হারিয়ে জ্যামাইকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন।