পাকিস্তান ফুটবল দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলার জন্য সব প্রস্তুতি ছিল বাংলাদেশ ফুটবল দলের। আজ দুপুরে ঢাকায় পৌঁছালে আগামীকাল বাফুফে একাদশের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু গতকাল দুপুরে সংবাদ এসেছে পাকিস্তান দল ঢাকায় আসবে না। অন্য কোনো এক সময়ে তারা বাংলাদেশে আসবে। ফুটবল ম্যাচ খেলবে।
পাকিস্তান ফুটবল দল নিজেরাই বাংলাদেশে এসে দুটি ম্যাচ খেলতে চেয়েছিল। তাদের আগ্রহের সুযোগে বাংলাদেশ ফুটবল দল নেপালে সাফে যাওয়ার আগে পাকিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন অবাক হয়েছেন পাকিস্তান না আসার খবর শুনে। তিনি গতকাল দুপুরে ছুটে এসেছিলেন বাফুফেতে। পাকিস্তানের বিষয়টা জানতে চাইলে তিনি বলছেন, একটু ভেবে দেখি কি করা যায়। কারণ মাত্রই শুনলাম পাকিস্তান আসছে না। আমরা তো নিশ্চিতই ছিলাম পাকিস্তান ফুটবল দল আসছে। বাফুফে সভাপতি অবশ্য জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির উপরেই বিষয়টি ছেড়ে দিচ্ছেন। তবে ব্যবস্থপনা কমিটির নীতি নির্ধারকরা এখন দেশের বাইরে।
