জয়ের সন্ধানে ‘এ’ দল

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:২৬
টানা দুই ম্যাচে হারের জন্য হোক আর পরীক্ষা-নিরীক্ষার জন্য হোক; গতকাল অধিনায়ক জহুরুল ইসলাম অমিকে বাইরে রেখে একাদশ মাঠে নামালো বাংলাদেশ ‘এ’ দল। আর অমির বদলে দায়িত্ব পাওয়া আরেক জাতীয় দল তারকা নাঈম ইসলাম ফিফটি করেই তার প্রতি বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। নাঈম ইসলাম ও সামসুর রহমান শুভর ফিফটিতে গতকাল সফরের তৃতীয় ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৪৭.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৭১ রান করতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এই রান করে তৃতীয় ম্যাচে অন্তত বাংলাদেশিরা ভাগ্য বদলাতে পারবে কী না, সেটাই এখন দেখার ব্যাপার। গতকাল ম্যাচে উদ্বোধনী জুটিতেও পরিবর্তন এসেছে। জহুরুলের বদলে দলে ঢোকা ইমরুল কায়েস ইনিংস শুরু করেছেন সামসুর রহমান শুভর সঙ্গে। এনামুল হক বিজয় নেমে গেছেন জহুরুলের পজেশনে, মানে তিন নম্বরে। ইমরুল সুযোগ পেয়েও মাত্র ৫ রানে আউট হয়ে ফিরেছেন। আর আগের ম্যাচে ফিফটি করা বিজয় কোনো রান না করেই ফিরেছেন। তবে শুভ আউট হওয়ার আগে ৮৫ বলে ২টি চার ও দুটি ছয়ে সাজানো ৫১ রান করে গেছেন। পরে পাঁচ নম্বরে নামা নাঈম ৮৯ বলে ৫টি চারে সাজানো ৫৭ রানের ইনিংস খেলেছেন। এই দুই ইনিংসের পর আবারও বাংলাদেশ ‘এ’ দলের শেষটা ধসে পড়েছে। ফলে মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে তারা। সফরের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল হ্যামশায়ারের বিপক্ষে হেরেছিল ৮ রানে। এরপর শুক্রবার ৭ রানে হেরেছে তারা কাউন্টি দল ইয়র্কশায়ারের বিপক্ষে। এনামুল হক বিজয়ের ৬৯ রানও সেদিন পরাজয় এড়াতে যথেষ্ট হয়নি। বাংলাদেশে ঈদের দিনই ইয়র্কশায়ারের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। ম্যাচের স্থানীয় দলকে নাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের দুই পেসার রবিউল ও আল আমিন। ১১ রানের মধ্যে তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেন পেসাররা। এরপর লিস ৩৯, লিথ ৪৫ রান করে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। দু’ জনকেই ফেরান ইলিয়াস সানি। সানি সব মিলিয়ে ২৫ ওভারে নেন ৩ উইকেট। কিন্তু বোলারদের এই সাফল্যের পরও ১০ নম্বরে নামা প্লাঙ্কেটের ৪৭ রানের ইনিংসের কল্যাণে ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করে ইয়র্কশায়ার। জবাব দিতে নেমে ওপেনার এনামুল হক বিজয় ৯২ বলে ৬৯ রানের দুরন্ত এক ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ৩৭ বলে ৩১ রান করা মোমিনুল। কিন্তু দু’ জনকেই আউট করেন আজিম ফারুক। পাকিস্তান থেকে ইংল্যান্ডে এসে দেশটির অন্যতম তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত হওয়া ফারুকই ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলকে হতাশ করেন। জয় থেকে মাত্র ৭ রান দূরে থেকে যায় জহুরুল ইসলামের দল।